বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক সমাবেশে বলেছেন, দুর্নীতি, চুরি, ধর্ষণ ও খুনের মতো অপরাধ বন্ধ করতে হলে কেবল মানব রচিত আইন যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন আল-কুরআনের শাসন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে এবং বিকেলে ফুলতলা উপজেলায় আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, “আগামী নির্বাচনে খুনি, চাঁদাবাজ ও মাস্তানদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে। যারা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, সেই তরুণ প্রজন্মই সঠিক নেতৃত্ব বেছে নিয়ে দেশ পরিচালনার নতুন দিগন্ত উন্মোচন করবে।” এজন্য তিনি নতুন ভোটারদের দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।
অধ্যাপক গোলাম পরওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে বেকার সমস্যার সমাধান করবে, শিক্ষার আমূল সংস্কার ঘটাবে এবং কারিগরি দক্ষতার ভিত্তিতে সমাজ গড়ে তুলবে। তিনি বলেন, “ডুমুরিয়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে মহাপরিকল্পনা নেওয়া হবে। ডুমুরিয়াকে বাণিজ্যিক হাবে রূপান্তর করা হবে। শিক্ষা শেষে চাকরি নিশ্চিত না হলে বেকার ভাতা দেওয়া হবে।”
তিনি আরও যোগ করেন, “আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, জামায়াত ক্ষমতায় এলে কোনো নেতা সরকারি গাড়ি, বাড়ি বা প্লট নেবেন না। অন্য কোনো দলের নেতাদের এ সাহস নেই।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, “আওয়ামী লীগ আমলে জামায়াতের ১১ জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। কিন্তু আজ জামায়াত ক্ষমতার দ্বারপ্রান্তে। জামায়াত ক্ষমতায় গেলে শুধু মুসলিম নয়, সব ধর্মের মানুষ এবং নারীসমাজ সমান মর্যাদা পাবে।” তিনি ফেব্রুয়ারির আসন্ন নির্বাচনে ইসলামী মোর্চার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “চব্বিশের জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, তবে সংগ্রাম শেষ হয়নি। নব্য ফ্যাসিবাদকে প্রতিহত করতে তরুণ প্রজন্মকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।”
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জনগণ জামায়াতের বিরুদ্ধে করা অপপ্রচারকে প্রত্যাখ্যান করবে। জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে কারো মাথায় উঠবে না; বরং জনগণকেই সম্মানের আসনে বসাবে। আগামী নির্বাচনে কেন্দ্র দখল ও কালো টাকার প্রভাব ছাত্র-জনতা রুখে দেবে।”
এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারাও বক্তব্য দেন। ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণনন্দী, সহ-সভাপতি ডা. হরিদাস মন্ডল ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবপ্রসাদ সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু ইউসুফ ফকির, যুব বিভাগের সভাপতি গোলাম মোস্তফা আল মুজাহিদ ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা বক্তব্য রাখেন।
বিকেলে ফুলতলা উপজেলা স্বাধীনতা চত্বরে আয়োজিত আরেক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীম মোল্যা এবং পরিচালনা করেন ডা. আব্দুল্লাহ আল মামুন। এ সমাবেশে বক্তৃতা করেন সরদার আব্দুল ওয়াদুদ, মুন্সী মাইনুল ইসলাম, অধ্যাপক গাউসুল আযম হাদী, শ্রমিক নেতা আজিজুল ইসলাম ফারাজীসহ আরও অনেকে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যের শেষাংশে বলেন, “জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তবে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ।
Aplikacija „Eye News BD”
Komentari 0