ক্ষমতা থেকে অপসারণের পর নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি তার প্রথম প্রকাশ্যে দেওয়া বিবৃতিতে তীব্র ভাষায় ভারতের সমালোচনা করেছেন। দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকির কথা উল্লেখ করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, নেপালকে আর কখনও একক প্রতিবেশীর উপর নির্ভরশীল করে রাখা যাবে না।
গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নেপালের সংবিধান দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক দীর্ঘ বিবৃতিতে অলি দেশের সংবিধান প্রতিষ্ঠার ঐতিহাসিক সংগ্রাম ও তার গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি লিখেছেন, নেপালের সংবিধান জনগণের আত্মত্যাগ ও সংগ্রামের ফল, যা কেবল একটি আইনি কাঠামো নয় বরং ভবিষ্যতের পথনির্দেশক।
অলি সরাসরি ভারতের নাম উল্লেখ না করলেও তার ইঙ্গিত স্পষ্ট ছিল। তিনি বলেন, “২০১৫ সালে আরোপিত অবরোধ নেপালের পররাষ্ট্রনীতি ও অবকাঠামো গঠনে নতুন অধ্যায়ের সূচনা করেছিল।” তার ভাষায়, ওই সময় নেপালের জনগণ জ্বালানি, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকটে পড়েছিল। আন্তর্জাতিক মহলে বিষয়টি তুললেও ভারত সব অভিযোগ অস্বীকার করে।
অলি বলেন, এই অভিজ্ঞতা থেকেই নেপাল উত্তর প্রতিবেশী চীনের সঙ্গে পরিবহন ও ট্রানজিট চুক্তি সই করে, যাতে ভবিষ্যতে আর কোনো দেশ নেপালের জীবনযাত্রাকে জিম্মি করতে না পারে। “আমরা উত্তরের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক জোরদার করেছি, উন্নয়ন কাঠামোর ভিত্তি স্থাপন করেছি, আর্থিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছি। এটি ছিল আমাদের সার্বভৌমত্ব রক্ষার বৃহত্তর কৌশলের অংশ।
সম্প্রতি ‘জেন-জি’ আন্দোলনের দাবানলে দেশজুড়ে অস্থিরতা দেখা দেয়। আন্দোলনকারীদের চাপের মুখে অলি প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। বিবৃতিতে তিনি স্বীকার করেন যে, জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে দাবি করেন ষড়যন্ত্রকারীরা আন্দোলনে অনুপ্রবেশ করে সহিংসতা ছড়িয়েছে। তার ভাষায়, “সরকার কখনো আন্দোলনকারীদের গুলি করার নির্দেশ দেয়নি। যেসব অচেনা অস্ত্র ব্যবহার করে যুবকদের হত্যা করা হয়েছে, তা তদন্তের দাবি রাখে।
অলি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে অজ্ঞাত শক্তি জাতীয় প্রতীক, আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী পদ থেকে তার পদত্যাগের পর সিংহ দরবার ও জাতীয় মানচিত্রে আগুন লাগানো হয়েছিল বলে দাবি করেন তিনি।
নেপালের নতুন প্রজন্মের উদ্দেশে অলি বলেন, “তরুণরা নিজেরাই সত্যকে অনুধাবন করবে। যারা দেশ ত্যাগ করা যুবকদের অবজ্ঞা করেছে, সময়ই তাদের ভুল প্রমাণ করবে।” তিনি জনগণকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, “যদি সার্বভৌমত্ব আমাদের অস্তিত্ব হয়, তবে সংবিধান আমাদের স্বাধীনতার ঢাল।
তার বক্তব্যের শেষে অলি সতর্ক করেন, নেপালি জনগণ যদি বর্তমান সময়ের গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়, তবে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে এক ‘সতর্কতামূলক গল্পে’ পরিণত হবে। তিনি বলেন, “সময় থাকতে সত্যকে উপলব্ধি করতে হবে, নইলে একদিন নেপালের সার্বভৌমত্ব কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে যাবে।
'Eye News BD' uygulaması
Yorumlar 0