হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী স্পষ্ট জানালেন, যাদের ভ্রান্ত আকিদা নিয়ে আকাবিরে কেরাম সতর্ক করেছিলেন, তাদের সঙ্গে কোনোভাবেই জোট গঠন করা যাবে না।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এক কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যেসব রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর ভ্রান্ত আকিদা নিয়ে পূর্বপুরুষ আলেমরা সতর্ক করে গেছেন, তাদের সঙ্গে কোনোভাবেই জোট গঠন করা যাবে না। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আল্লামা বাবুনগরী বলেন, “সহি আকিদার সব ইসলামি দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হতে পারে, তাদের সঙ্গে কোনোভাবেই ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা করবেন না। আমাদের আকাবিরে কেরাম বহু আগে থেকে এসব ভ্রান্ত মতাদর্শের বিষয়ে সতর্ক করেছেন। এমনকি এসব বিষয়ে অসংখ্য গ্রন্থও রচনা করেছেন। তাই মুসলিম উম্মাহর জন্য ভ্রান্ত আকিদাধারী গোষ্ঠীর সঙ্গে জোটে যাওয়া হবে আত্মঘাতী সিদ্ধান্ত।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইলমে ওহি ও ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। এ দেশের দাওয়াতে তাবলিগ, মসজিদ-মাদরাসার যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে আলেমদের বিশেষভাবে সচেতন থাকতে হবে।”
সম্মেলনে হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানও একই সুরে বক্তব্য দেন। তিনি বলেন, দেশের ইসলামি শক্তি নিজেদের মাঝে ঐক্য না করে অন্যদের সঙ্গে জোটবদ্ধ হওয়ার চেষ্টায় ব্যস্ত। কিন্তু প্রকৃত ইসলামী ঐক্য গড়ে তুলতে হলে সবার আগে নিজেদের মধ্যে ইত্তেহাদ গড়ে তুলতে হবে। “ইত্তেহাদ বাইনানা” (নিজেদের মাঝে ঐক্য) গড়ে না তুলে যদি “ইত্তেহাদ মা’আ গাইরিনা” (অন্যদের সঙ্গে ঐক্য) গড়ার চেষ্টা করি, তবে সেটি ইসলামের স্বার্থ রক্ষা করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশী এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় বহু আলেম-ওলামা এই সম্মেলনে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা ইসলামের সঠিক আকিদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রাজনৈতিক স্বার্থে ভ্রান্ত মতাদর্শের অনুসারীদের সঙ্গে হাত মেলানো ইসলামী আন্দোলনের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বক্তারা মুসলমানদের ঐক্য ও সঠিক পথে থাকার আহ্বান জানান।
আলোচনায় উঠে আসে যে, ইসলামী আন্দোলনকে সঠিক পথে এগিয়ে নিতে হলে আলেম সমাজকে নেতৃত্বে দৃঢ় থাকতে হবে এবং রাজনৈতিক লাভ-ক্ষতির হিসাবের চেয়ে ইসলামের মৌলিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। বক্তারা জোর দিয়ে বলেন, ইসলামের নামে কোনো আপস হলে তা জাতি ও দেশের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে।
সম্মেলনে আরও বলা হয়, মুসলিম উম্মাহর ঐক্যই হলো ইসলামের শক্তি। কিন্তু সেই ঐক্য যদি ভ্রান্ত আকিদার সঙ্গে গড়ে ওঠে, তবে ইসলামের প্রকৃত রূপ বিকৃত হয়ে যাবে। তাই সহি আকিদার ভিত্তিতেই ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সবশেষে আল্লামা বাবুনগরী মুসলিম আলেমদের প্রতি আহ্বান জানান, তারা যেন ইসলামের স্বার্থে দৃঢ় থাকেন এবং রাজনৈতিক চাপ বা স্বার্থে কোনো ভ্রান্ত মতাদর্শের অনুসারীদের সঙ্গে আপস না করেন। তিনি বলেন, “আমরা যদি ইসলামের প্রকৃত আকিদা রক্ষায় আপসহীন না হই, তবে ভবিষ্যত প্রজন্ম একটি বিকৃত ইসলামের মুখোমুখি হবে।”