বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানালেন, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে ৭ হাজারের বেশি সদস্যকে পদচ্যুত বা বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, শৃঙ্খলাই বিএনপির শক্তি এবং দলকে আধুনিকায়নের মাধ্যমে তরুণদের আস্থা অর্জনই এখন লক্ষ্য।
বিএনপির ভেতরে শুদ্ধি অভিযান আরও এক ধাপ এগিয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি এবং অসদাচরণের অভিযোগে দলের ভেতর থেকে সাত হাজারের বেশি সদস্যকে পদচ্যুত বা বহিষ্কার করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, “ইতোমধ্যেই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৭ হাজারের বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকে বহিষ্কৃত হয়েছেন। বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো অপরিহার্য ছিল। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়; বরং সেটিই আমাদের শক্তি।
তিনি আরও যোগ করেন, দলের মধ্যে দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য। তাঁর মতে, যেভাবে বিএনপি ক্ষমতাসীনদের কাছে জবাবদিহির দাবি তোলে, নিজেদের ক্ষেত্রেও সেই একই মানদণ্ড প্রয়োগ করা উচিত। “এভাবেই আমরা প্রমাণ করেছি, সততার ব্যাপারে আমরা আন্তরিক,” বলেন তিনি।
তারেক রহমান উল্লেখ করেন, আগামী দিনে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিএনপি তৃণমূল পর্যায় থেকে সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের কাছে পৌঁছাতে চায়। দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ও জবাবদিহি আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি স্পষ্ট করে বলেন, বিএনপির রাজনীতি আর কেবল ক্ষমতার লড়াই নয়। বরং এটি এমন এক প্ল্যাটফর্ম হয়ে উঠুক, যেখানে সবার অংশগ্রহণ থাকবে এবং জাতির অগ্রগতিই হবে মূল লক্ষ্য। এজন্যই শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের মতো খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে ৩১ দফা কর্মসূচি তৈরি করা হয়েছে।
বিএনপিকে আধুনিকায়নের প্রয়াসে নারীদের অংশগ্রহণ, তরুণ নেতৃত্ব এবং পেশাজীবীদের সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তারেক রহমান মনে করেন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতিই একটি জাতিকে শক্তিশালী করে তোলে। তিনি বলেন, “আমরা চাই বিএনপি হোক সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক—কোনো বিভাজন কিংবা ব্যক্তিস্বার্থের প্রতীক নয়।
পোস্টে তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়ার সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি বলেন, “তাঁদের আদর্শই আমাদের পথ দেখাবে। সেই আকাঙ্ক্ষা সামনে রেখেই আমরা নতুন যুগে প্রবেশ করছি, যেখানে সততা, তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা হবে রাষ্ট্র গঠনের ভিত্তি।
তারেক রহমান আরও বলেন, “আমরা জানি, তরুণেরা বাস্তব সুযোগ চায়, ফাঁকা বুলি নয়। জনগণ স্থিতিশীলতা চায়, বিশৃঙ্খলা নয়। বিশ্বও চায় বাংলাদেশ হোক একটি সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, “আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ রাখি। আমি আপনাদের প্রতি আস্থা রাখি, আপনারাও আমার প্রতি আস্থা রাখুন। তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই কঠোর সিদ্ধান্ত একদিকে দলের ভেতরে শুদ্ধি অভিযানের বার্তা দিচ্ছে, অন্যদিকে তরুণদের মধ্যে একটি নতুন আস্থার পরিবেশ তৈরি করতে পারে। কারণ দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ জনগণের হতাশা বাড়িয়েছে। তারেক রহমানের এই পদক্ষেপে অন্তত বিএনপি দেখাতে চাইছে যে তারা নিজেদের ভেতরে জবাবদিহি নিশ্চিত করতে প্রস্তুত।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0