বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির ২০২৭ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ‘আতা-ওহাব পরিষদ’। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদেই জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত ‘রিয়াজ-সিরাজ পরিষদ’ কোনো পদেই জয় পায়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির গওহর আলী বার ভবনে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৯৫২ জন ভোটারের মধ্যে ৮৮৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট মো. আতাউর রহমান আতা ৬৭৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব ৬৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁদের প্রতিদ্বন্দ্বীরা যথাক্রমে ১৫৯ ও ১৫০ ভোট পেয়েছেন।
এ ছাড়া সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, বিভিন্ন সম্পাদকীয় পদ ও কার্যকরী সদস্যের সবকটিতেই জয় পেয়েছেন আতা-ওহাব পরিষদের প্রার্থীরা। ফলে পুরো কার্যকরী পরিষদই গঠিত হচ্ছে বিএনপি-সমর্থিত প্যানেলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে।
নিরঙ্কুশ বিজয়ের পর নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাবসহ বিজয়ী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে কার্যকরী পরিষদের পদসংখ্যা ১৩ থেকে বাড়িয়ে ১৫ করা হয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হলো।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0