ঢাবি শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র সাহস বলেছেন, উত্তপ্ত পরিস্থিতিতে ভিসির সঙ্গে বাকবিতণ্ডা হলেও তার প্রতি সম্মান বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র সাহস বলেছেন, ‘‘ভিসি স্যারের প্রতি আমার সম্মান বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।’’ সাম্প্রতিক ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার প্রেক্ষিতে তিনি এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিনে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে অংশ নেয় ছাত্রদলের একটি প্রতিনিধি দল। বৈঠকে ছাত্রদল নেতারা ভোটে অনিয়মের নানা অভিযোগ তুলে ধরেন। একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র সাহস উত্তেজিত হয়ে ভিসির সামনে টেবিলে চাপড় দেন। এ দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। কেউ এটিকে শিষ্টাচার বহির্ভূত আচরণ বলে মন্তব্য করেন, আবার অনেকে দাবি করেন, সাহস দৃঢ়তার সঙ্গে অনিয়মের প্রতিবাদ জানিয়েছেন।
পরবর্তীতে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে গণেশ চন্দ্র সাহস সেদিনের ঘটনার ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘‘শিক্ষকরা একটি জাতির মেরুদণ্ড তৈরির প্রধান কারিগর। যুগে যুগে শিক্ষকরা সর্বজন শ্রদ্ধেয়। আমি ব্যক্তিগতভাবে কখনো কোনো শিক্ষকের প্রতি অসম্মান প্রদর্শন করিনি। তবে কখনো কখনো যৌক্তিক দাবি আদায়ের জন্য শিক্ষার্থীদের প্রতিবাদের ভাষা কঠোর হতে পারে।’’
তিনি আরও বলেন, ‘‘প্রতিবাদের ভাষা স্থান, কাল ও পরিস্থিতি ভেদে ভিন্ন হয়ে থাকে। ডাকসু নির্বাচনের দিন যেটা ঘটেছিল সেটা ছিল এক অস্বাভাবিক পরিস্থিতি। তবে সেই পরিস্থিতিতে ভিসি মহোদয়ের প্রতি আমার যে সম্মান ছিল, তা বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।’’
ঢাবি ছাত্রদল সভাপতি প্রশাসনের ব্যর্থতার দিকেও ইঙ্গিত করেন। তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর ক্যাম্পাসে যে প্রশাসন দায়িত্ব নিয়েছে তাদের প্রতি প্রাথমিকভাবে আস্থা ছিল। কিন্তু বিভিন্ন ঘটনায় পদক্ষেপ না নেওয়ায় ছাত্রদল হতাশ হয়েছে। ‘‘আমরা ডাকসুর অনিয়ম নিয়ে বারবার অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে নির্বাচনের দিন সরাসরি ভিসি মহোদয়ের কাছে প্রশ্ন করতে বাধ্য হয়েছিলাম,’’ বলেন সাহস।
তার মতে, নির্বাচনকালীন সময়ে উভয় পক্ষই উত্তেজিত হয়ে পড়েছিলেন। ‘‘এটা কোনো শ্রেণিকক্ষ ছিল না, ছিল ভোটের মাঠ। সেখানে ভিসি মহোদয় নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, আর আমরা ছিলাম প্রতিদ্বন্দ্বী। সেই জায়গা থেকে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে এটিই গণতন্ত্রের সৌন্দর্য—দুই পক্ষই তাদের অবস্থান থেকে কথা বলেছে।’’
সাহস জোর দিয়ে বলেন, ‘‘আমরা সবসময় চাই একটি প্রকৃত ডাকসু নির্বাচন হোক। প্রশাসন যদি শুরু থেকেই আন্তরিকভাবে পদক্ষেপ নিত, তবে হয়তো এমন বাগবিতণ্ডায় জড়াতে হতো না। ভবিষ্যতে আমরা চাই সবাই মিলে একটি আধুনিক গবেষণামূলক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হোক।’’
তিনি আরও যোগ করেন, ‘‘শিক্ষকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো আমাদের উদ্দেশ্য ছিল না। মূল বিষয় ছিল কেন এমন পরিস্থিতি তৈরি হলো। তারপরও আমরা প্রশাসনকে শিক্ষক হিসেবেই শ্রদ্ধা করি, আর ছাত্রসংগঠন হিসেবে তাদের ব্যর্থতা তুলে ধরা আমাদের দায়িত্ব।’’
সাহস বলেন, ‘‘সব ধরনের সমালোচনাকে আমি ইতিবাচকভাবে নিয়েছি। আমার স্কুল-কলেজের শিক্ষকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং সারা বাংলাদেশের নীতিবান শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’’
সাক্ষাৎকারের মাধ্যমে গণেশ চন্দ্র সাহস স্পষ্ট করে দেন, ব্যক্তিগতভাবে তিনি কখনোই শিক্ষকদের অসম্মান করতে চাননি। বরং তিনি আশা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একটি সুন্দর, আধুনিক ও গবেষণামূলক ক্যাম্পাস গড়ে তুলবে।
'Eye News BD' ایپ
تبصرے 0