বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচারের পতনের পর এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ দুঃসময়ের পর বাংলাদেশ স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয়েছে। তবে এখানেই থেমে গেলে হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে এখনই সর্বশক্তি নিয়োগ করতে হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ আহ্বান জানান। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এই বাণীতে তিনি দেশের মানুষকে গণতন্ত্র রক্ষার সংগ্রামে আরও দৃঢ়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “আজকের এই দিনটি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার, মানবাধিকার এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যারা গণতন্ত্রের সংগ্রামে জীবন দিয়েছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের প্রতি জানাই সমবেদনা।”
তিনি আরও বলেন, গণতন্ত্র হলো এমন এক শাসনব্যবস্থা যেখানে জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে। জনগণের ইচ্ছাকে কেন্দ্র করেই রাষ্ট্র পরিচালিত হয়। নির্বাচিত প্রতিনিধিরা জনসেবায় নিয়োজিত থাকে এবং ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণ করে। তাই গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না, জনগণকে ক্রীতদাসে পরিণত করা যায় না।
বিএনপির মহাসচিব অভিযোগ করেন, বিশ্বের বহু দেশে আজও একদলীয় দুঃশাসন চলছে। বাংলাদেশও গত দেড় দশক ধরে আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক শাসনের অধীনে ছিল। এ সময় নাগরিক স্বাধীনতা, ভোটাধিকার, মানবাধিকার ও মর্যাদা হরণ করা হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, ভিন্নমতের মানুষ গুম-খুনের শিকার হয়েছেন। গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাগারে বন্দি রাখা হয়েছে এবং তারেক রহমানের ওপর জুলুম-অত্যাচার নেমে এসেছে।
তিনি বলেন, “দেশবাসী দীর্ঘ ১৬ বছরের অন্ধকার সময় পার করে রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করেছে। কিন্তু এখনো পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্রের ভিত্তি হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তাই প্রকৃত গণতন্ত্রের জন্য নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করা জরুরি। রাষ্ট্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সর্বজনীন শিক্ষা ও সামাজিক ন্যায়বিচার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”
এ বছরের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক সমাজে নারী-পুরুষ ও অন্য যে কোনো লিঙ্গের মানুষ সমান অধিকার ভোগ করতে পারে। গণতন্ত্র কখনো বৈষম্য বাড়ায় না, বরং সবার জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করে।
তার বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে, কেবল স্বৈরাচারের পতনই যথেষ্ট নয়, বরং এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। তিনি দেশের জনগণকে আহ্বান জানান—এ লড়াইয়ে সক্রিয় ভূমিকা পালনের জন্য।
「Eye News BD」アプリ
コメント 0