কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেল লাইনের পাশ থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার ১০ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ রেললাইনের উপজেলার ছয়সূতী ইউনিয়নের লক্ষীপুর এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ১০ সেপ্টেম্বর সকাল আটটার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের লক্ষীপুর এলাকায় (ভৈরব-কিশোরগঞ্জ) রেললাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাত যুবকের একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
স্থানীয় ও পুলিশের ভাষ্যমতে, গতকাল সন্ধ্যা হইতে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে কোনো এক চলন্ত ট্রেন হইতে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই পা আটকানো অবস্থায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এ ঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, তার নাক মুখে রক্ত বের হওয়া ও শরীরে বিভিন্ন ছিলা দাগ রয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং-২৯, তারিখ : ১০/০৯/২৫। ময়না তদন্তের জন্য মরদেহটি কিশোরগঞ্জ জেলা সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত মরদেহের পরিচয় সনাক্তকরণে চেষ্টা অব্যাহত আছে।