রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা-বাইচ দেখে নদীপার হয়ে বাড়ি ফেরার পথে খেয়া নৌকা ডুবে নিখোঁজ শিশুর লাশ একদিন পর রোববার রাত সাড়ে ১২টায় ঝিনাই নদী রেলি ব্রিজের কাছে পাওয়া গেছে।
জানা যায়, গত শুক্রবার সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে দুই দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সন্ধ্যায় নৌকা বাইচ দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রী উঠার কারণে খেয়া নৌকা ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় অধিকাংশ যাত্রী পাড়ে উঠতে পারলেও ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী মোর্শেদা বেগমের মৃত্যু হয় এবং নিখোঁজ হয় তার মেয়ে শোভা (৮)। এ দুর্ঘটনায় ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিখোঁজের একদিন পর রোববার রাত সাড়ে ১২টার দিকে বড়বাড়িয়া রেলি ব্রীজের কাছে বাবলু মেম্বারের বাড়ির পাশে শিশু শোভার লাশ এলাকাবাসী ভেসে থাকতে দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কামরাবাদ ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, গত শুক্রবার নৌকা বাইচ দেখে বাড়ী ফেরার পথে খেয়া নৌকা ডুবে মোর্শেদা নামে এক নারীর মৃত্যু হয়। নিখোঁজ হওয়ার একদিন পর তার মেয়ে শোভারও লাশ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Appen „Eye News BD“
Kommentarer 0