বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময়েই হয়েছে: শামা ওবায়েদ

Speaking at a rally in Faridpur, Shama Obaid claimed that all major developments in Bangladesh took place during BNP’s rule. She pledged an end to abductions, false cases, and violence against women...
Поделиться в Eidok
বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময়েই হয়েছে: শামা ওবায়েদ
Фото: из открытых источников

ফরিদপুরে এক সমাবেশে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে সব উন্নয়ন বিএনপির সময়েই হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন— আর কোনো গুম, খুন, মিথ্যা মামলা বা নারী নির্যাতন হবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বাংলাদেশের মাটিতে যত উন্নয়ন হয়েছে সবকিছু বিএনপির শাসনামলেই হয়েছে। বর্তমান পরিস্থিতিতে জনগণ যে রাজনৈতিক মুক্তির স্বপ্ন দেখছে, তার একমাত্র বিকল্প বিএনপি—এমন মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়ক মোড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “আমরা প্রতিজ্ঞা করছি, বাংলাদেশের মাটিতে আর কোনো গুম, খুন হবে না। কাউকে মিথ্যা মামলায় জেলে যেতে হবে না। আর কোনো নারী ধর্ষণের শিকার হবে না। আমরা চাই একটি নতুন রাজনীতি, নতুন দিগন্ত। সেই দিগন্তে পৌঁছাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, দেশে একটি স্বচ্ছ সংসদ প্রতিষ্ঠার প্রয়োজন, যেখানে এমপিরা জনগণের স্বার্থে কাজ করবে, কোনো বিদেশি স্বার্থে নয়। কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। দেশকে অস্থিতিশীল করার নানা চেষ্টায় লিপ্ত একটি মহল। এই ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, আজকের এই দিনে আমাদের নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানাতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশকে উন্নয়নের পথে নিয়ে গিয়েছিলেন। অথচ গত ১৭ বছরে সেই ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছে। তিনি উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের দিন নয়—এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার দিন।

শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশে যত ভালো কাজ হয়েছে সব বিএনপির সময়ে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়ে সূচনা করেছিলেন, এখন তারেক রহমান জনগণের জন্য দিয়েছেন ৩১ দফা কর্মসূচি।”

তিনি দাবি করেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে প্রথম ১৮ মাসের মধ্যে ১ কোটি যুবককে চাকরি দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান—সব মৌলিক অধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।

এদিনের সমাবেশে সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বরসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে শামা ওবায়েদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সবাইকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি জনগণের ভোটে আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবে এবং দেশের উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায়বিচারের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет