বগুড়ার শাজাহানপুরে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শাজাহানপুর থানাধীন রহিমাবাদ বি-ব্লক ফ্লাইওভার ব্রিজের পূর্বপার্শ্বে শ্যামলী বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ আবু ছাঈদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ব-১৫-১২৬৬ নম্বর শ্যামলী কোচের সামনের বক্স থেকে একটি রেকসিন কাপড়ের ব্যাগ উদ্ধার করে। বেগুনি, গোলাপি ও কালো রঙের মিশ্রিত ওই ব্যাগে লাল পলিথিনে কসটেপে মোড়ানো ৫ কেজি গাঁজা এবং একইভাবে মোড়ানো আরও ৫ কেজি গাঁজা পাওয়া যায়।
আটককৃতরা হলো— পাবনা জেলার বেড়া থানার বনগ্রাম উত্তরপাড়া গ্রামের শ্রী বিনয় চন্দ্র এর ছেলে বিপ্লব কুমার দাস (৩৫) ও
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর বিল কল মি গ্রামের পরশ উল্লাহ সরকারের ছেলে আলতাব হোসেন (৩৯)।
পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, বিপ্লব কুমার দাসের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। সম্প্রতি পাবনার বেড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়েরকৃত মামলায় চার্জশীটভুক্ত আসামি তিনি।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।