সবুজে সাজানোর অঙ্গীকারে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সবুজে সাজানোর অঙ্গীকারে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সবুজে সাজানোর অঙ্গীকারে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি
সবুজে সাজানোর অঙ্গীকারে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ বুধবার (১৩ আগস্ট '২৫) সকালে সবুজের মিলনমেলায় পরিণত হয়। ‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর উদ্যোগে এবং বাংলালিংকের সহযোগিতায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের হাতে ছিল ছোট্ট চারা, আর চোখে ছিল বড় স্বপ্ন—'সবুজে সাজাই বাংলাদেশ' এই অঙ্গীকারে তারা একত্র হয়েছিল।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, “গাছ কেবল ছায়া ও ফল দেয় না, গাছ দেয় জীবন। আমাদের সন্তানদের জন্য অক্সিজেনের এই ভাণ্ডার রক্ষা করতে হলে আজই শুরু করতে হবে সবুজ চাষ।” প্রকৃতির সাথে একাত্ম হয়ে শিক্ষার্থীরা চারাগাছ রোপণ করে। শ্রাবণের মৃদু বৃষ্টিতে ভিজে থাকা মাটি আর গাছের পাতা যেন এই উদ্যোগকে আরও প্রাণবন্ত করে তোলে।

চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, এই ক্লাব বছরের পর বছর ধরে পরিবেশ রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে দাঁড়িয়ে আজকের এই বৃক্ষরোপণ কেবল পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যতের প্রতি এক অঙ্গীকার।

বিদ্যালয়ের সভাপতি সরফরাজ নেওয়াজ সাগরের সভাপতিত্বে এবং মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মুনির উদ্দীনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক স ম শহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, বাংলাদেশ সংবাদ সংস্থা ও বাংলা ভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, চ্যানেল ডিবিসি'র সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হুসাইন, 'এখন' টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, দৈনিক মানব জমিনের সাতক্ষীরা প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন ও প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিটি শিক্ষার্থীর হাতে দুটি করে চারা তুলে দেওয়া হয়। তাদের চোখে ছিল এক অনাবিল উচ্ছ্বাস। কেউ বলল, “আমি এটিকে প্রতিদিন পানি দেব।” কেউ প্রতিশ্রুতি দিল, “এ গাছ বড় হলে পাখিরা আসবে, ফুল ফোটাবে।” এভাবে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতার বীজ বপন করা হলো।

এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধুমাত্র একটি পরিবেশ রক্ষার উদ্যোগ নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মকে সবুজায়নের জন্য উদ্বুদ্ধ করার একটি প্রচেষ্টা। এই ছোট্ট চারাগুলো একদিন বড় হয়ে ছায়াময় বন হয়ে উঠবে, যা আমাদের পরিবেশকে আরও সুন্দর ও জীবন্ত করে তুলবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator