অতীত হোক আর বর্তমান যেটাই,
সব নেতা মিলে একমত একটাই —
এই বেড়িবাঁধই তাদের রুজির খনি,
যেটাকে পুঁজি করে চামারও হতে চাই ধনী।
এটাই তাদের উন্নয়নের বাক্য,
যেন জনহিতবিহীন রঙিন কাব্য!
স্থায়ী বাঁধ মানে নিত্য আয়ের পথে ছুরি,
বন্ধ হবে বরাদ্দ, বন্ধ হবে ভাগ-বাটোয়ারি,
বন্ধ হবে পদ পদবির ঝলমলে খেলা,
হয়তো থেমে যাবে কালোস্বপ্ন তবে, কে চায় তা ভেলা?
তাই তারা চায় — প্রতিবছর ঢেউ আসুক,
ভাঙুক হাজারো স্বপ্ন ভাঙুক কাঙালের বুক।
আসুক বরাদ্দ, আসুক মন্ত্রী-মিনিস্টার,
হবে পোস্টার-ফটোশুট হবে দুয়েকটা হুংকার!
ঘোষণা হোক — “উন্নয়ন আসছে শীগ্রই আবার"
ঠিকাদারি পেতে প্রয়োজনে ঘুটি চালাবে দাবার!
ঢেউয়ে যখন মানুষ ডুবে, জায়গা-জমি যায় হারিয়ে,
নেতা তখন ছুটে আসে আর ছবি তোলেন দাঁড়িয়ে।
বাঁধের গায়ে দাঁড়িয়ে বলেন কিলকিলিয়ে হেঁসে —
“তোমরা শুধু ভোট দাও আমায়, থাকবো সবার পাশে।”
আজ কোথাও যেন কেউ নেই; যে বাঁচাবে এই দ্বীপ,
আছে কেবল রাঘব-বোয়াল, কেবল সুযোগের নীপ।
এসব নাটক এবার বন্ধ করো; অ-গো নেতা ভাই,
দ্বীপটা আর সইতে পারে না; চাই একটুখানি ঠাঁই।
সাগরের পানি ফুঁসে ওঠে যবে– মাটি চায় শক্তি,
লক্ষ মানুষের চাওয়া একটাই– যেথায় স্থায়ী মুক্তি।