প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশে কোনো দুর্ঘটনার হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখা কখনোই সম্ভব নয়। তিনি এই ঘটনাকে জাতীয় ট্র্যাজেডি আখ্যা দিয়ে নিহতদের শহীদ হিসেবে সম্মান জানান।
বাংলাদেশে কোনো দুর্ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখা অসম্ভব—এই কঠিন সত্য প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি মাইলস্টোন কলেজে পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বর্তমান পরিস্থিতির বাস্তব চিত্র সবার সামনে আনেন।
শফিকুল আলম লিখেন, “আপনাদের প্রার্থনা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা গতকাল মাইলস্টোন কলেজে গিয়েছিলাম শোকাহত পরিবারগুলোর সঙ্গে দেখা করতে এবং সেই শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলতে, যারা এখনও ট্রাজেডির মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। চারপাশের পরিবেশ ছিল শোক ও ক্ষোভে ভারী। অনেক শিক্ষার্থী তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা শেয়ার করেছে এবং মৃত্যুর সংখ্যা নিয়ে বিভিন্ন মাধ্যমের ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশে অসন্তোষ জানিয়েছে।”
তিনি তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে বলেন, “২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু বড় বড় দুর্যোগ কাভার করেছি। আমি নিশ্চিত করে বলতে পারি—বাংলাদেশে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখা কার্যত অসম্ভব। প্রথমে নিখোঁজের তালিকা আসে পরিবার থেকেই। এরপর হাসপাতাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য মিলিয়ে নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।”
তিনি আরও জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ নিখোঁজদের শনাক্ত করতে প্রতিদিনের উপস্থিতির রেকর্ড ব্যবহার করে কাজ করতে পারে। এই প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতে হলে তথ্যের স্বচ্ছতা বজায় রাখা জরুরি। এ জন্য কলেজ কর্তৃপক্ষকে সরকারের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
শফিকুল লিখেন, “এই কন্ট্রোল রুমে প্রতিনিয়ত আপডেট দেওয়া হবে এবং কলেজের রেজিস্ট্রারের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এই কার্যক্রমে যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। আশা করছি, আজ থেকেই এটি পুরোপুরি কার্যকর হবে।”
তিনি আরও লেখেন, “আমরা টানা নয় ঘণ্টা কলেজে অবস্থান করেছি। চাইলে আগেই চলে আসা যেত, কিন্তু উপদেষ্টারা কোনো বলপ্রয়োগ না করে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ছিলেন। প্রয়োজনে তারা আরও দীর্ঘ সময় থাকতেও প্রস্তুত ছিলেন। যখন পরিস্থিতি অনুকূল হয়েছে, কেবল তখনই আমরা কলেজ ত্যাগ করেছি।”
সরকার এই ভয়াবহ ঘটনার প্রতি দুঃখ প্রকাশ করে এটিকে “জাতীয় ট্র্যাজেডি” হিসেবে আখ্যা দিয়েছে। প্রেস সচিব জানান, “এই ঘটনায় নিহত সবাইকে শহীদ হিসেবে সম্মান জানাই। আসুন আমরা একসঙ্গে কাজ করি, যেন ভবিষ্যতে আর কোনো বিমান দুর্ঘটনা না ঘটে।”
শেষে তিনি বলেন, “আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। সরকার জাতীয় নিরাপত্তা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে বিমান দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ।”
Aplikacija „Eye News BD”
Komentari 0