যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে নির্মম পিটুনিতে আবু বক্কার (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আবু বক্কার মৃত হোসেন কবিরাজের ছেলে।
প্রতিবেশীরা জানান, সোমবার (২২ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে আবু বক্কার একই এলাকার নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী’র কাছে মুরগি বিক্রয়ের বাকি টাকা চাইতে গেলে, তাদের বাড়িতেই তাকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীদের ভাষ্যমতে, পুরোনো দেনা-পাওনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।