বরিশালের বানারীপাড়া উপজেলায় বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। ২০ জুলাই রবিবার উজিরপুর উপজেলার গুঠিয়া বাইতুল আমান ভিউ কমপ্লেক্সে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহে আলম মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রিয়াজ আহমেদ মৃধা। অন্যদিকে, পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ইমরান হোসাইন প্রিন্স এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান জুয়েল।
প্রধান অতিথি আকন কুদ্দুসুর রহমান তার বক্তব্যে বলেন, "বিএনপি একটি গণমানুষের দল, এবং আমরা জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করে যাবো।" এছাড়াও তিনি ভবিষ্যতে দলের কর্মসূচী ও পরিকল্পনাগুলোর ওপর গুরুত্বারোপ করেন।
বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বলেন, "বিগত ১৭ বছরে আওয়ামী সরকারের হামলা মামলা ও নির্যাতনের শিকার এবং ত্যাগী বিএনপি নেতাকর্মীদের নিয়েই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।" তিনি আরও জানান, অচিরেই উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুল হক নান্নু এবং বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি'র সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহিন।
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির আগামী দিনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন এবং দলীয় ঐক্য ও সুসংগঠনের ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা তাদের দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ হন এবং আগামী নির্বাচনে দলের সাফল্যের জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
אפליקציית "Eye News BD"
הערות 0