চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অনুপস্থিত ও দায়িত্বহীন চেয়ারম্যানদের অপসারণ ও বিকল্প নাগরিক কর্তৃক সেবা নিশ্চিতকরণ এবং দ্রুত স্থানীয় নির্বাচন দিয়ে জনসাধারণের সেবা নিশ্চিত করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকাল ১০টায় ইউএনও’র পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মামুন। এর আগে উপজেলার সামনে মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জামায়াতে ইসলামীর শত শত নেতাকর্মী অংশ নেয়।
উপজেলা প্রশাসনকে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মু. তাহের, এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, মিডিয়া সম্পাদক আবুল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মিসবাহু আলম রাসেল, পৌরসভার আমীর হাফেজ আলী আকবরসহ উপস্থিত ছিলেন ৯ ইউনিয়নের জামায়াতের আমীর ও সেক্রেটারিবৃন্দ।