গোপালগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্স গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। সংগঠনটি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
গোপালগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের গাড়িতে বর্বরোচিত হামলার ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্স তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত বলে মনে করছে সংগঠনটি।
বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, গণমাধ্যমের গাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি গণতান্ত্রিক পরিবেশে এক ভয়ংকর বার্তা বহন করে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
বিবৃতিতে জানানো হয়, গোপালগঞ্জে একাত্তর টিভি, স্টার নিউজ ও মাল্টিমিডিয়ার সাংবাদিকদের বহনকারী গাড়িগুলোর ওপর হামলা চালানো হয়েছে। হামলায় যমুনা টিভি ও কালের কণ্ঠের স্থানীয় সাংবাদিকরাও আহত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই ধরনের সহিংসতা শুধু সাংবাদিকদের নিরাপত্তা নয়, বরং সংবাদমাধ্যমের স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করছে।
অ্যালায়েন্স আরও উল্লেখ করে, এই হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানাই— যারা এই হামলার পেছনে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনুন।
সংগঠনটি মনে করে, এ ধরনের সহিংসতা দেশে মুক্ত সাংবাদিকতা চর্চার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে সাংবাদিকরা আর স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পারবেন না— যা গণতন্ত্রের ভিত্তিকেই নড়বড়ে করে তুলবে।
বিবৃতিতে অ্যালায়েন্স কর্তৃপক্ষ বলেন, গোপালগঞ্জসহ দেশের সব এলাকায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে জনগণের জানমাল রক্ষায় আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়বে এবং সাংবাদিকতা পেশার প্রতি মানুষের আস্থা নষ্ট হবে।
এছাড়াও, অনলাইন এডিটরস অ্যালায়েন্স দেশজুড়ে সাংবাদিকদের প্রতি আরও সহযোগিতা, সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গণমাধ্যম সংশ্লিষ্ট সংস্থা ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
تبصرے 0