সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের কমলগঞ্জে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের এক বাড়ির আঙিনায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে পুরানো একটি গ্রেনেড পাওয়া গেছে। সোমবার (১৪ জুলাই) সকালে ঘটনাটি ঘটে।
স্থানীয় এক নারী শীমের বীজ রোপণের জন্য কয়েকটি গর্ত খুঁড়ছিলেন। ওই সময় একটি গর্ত থেকে ছোট আকৃতির গ্রেনেড বের হয়ে আসে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা কমলগঞ্জ থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রাখে এবং পরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।
সেনাবাহিনীর বিশেষ টিম এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি পুরোনো বিস্ফোরক বলে ধারণা করা হচ্ছে। কারণ,ঘটনাস্থলের কাছেই শমশেরনগর বিমানঘাঁটি অবস্থিত,যা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান,“খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপদ করে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছিলাম। তারা এসে সফলভাবে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে।”
স্থানীয় প্রশাসন ও পুলিশ জনগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে। যদি কেউ এ ধরনের কোনো সন্দেহজনক বস্তু দেখতে পান, তাৎক্ষণিক পুলিশকে অবহিত করার জন্য বলা হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0