গোপন বৈঠক: সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও ইসরায়েলি কর্মকর্তাদের আজারবাইজানে সাক্ষাৎ, মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণের ইঙ্গিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গোপন বৈঠক: সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও ইসরায়েলি কর্মকর্তাদের আজারবাইজানে সাক্ষাৎ, মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণের ইঙ্গিত..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গোপন বৈঠক: সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও ইসরায়েলি কর্মকর্তাদের আজারবাইজানে সাক্ষাৎ, মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণের ইঙ্গিত..
গোপন বৈঠক: সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও ইসরায়েলি কর্মকর্তাদের আজারবাইজানে সাক্ষাৎ, মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণের ইঙ্গিত..
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারা আজারবাইজানে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।..

যদিও দামেস্ক এই বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে, তবে সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের ঘনিষ্ঠ সূত্র সামা টিভিকে নিশ্চিত করেছে যে, অন্তত একটি বৈঠকে আল-শারার উপস্থিতি ছিল।

রোববার (১৩ জুলাই) সামা টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই গোপন বৈঠকগুলো আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এই স্থান নির্ধারণ করেছে, যার মূল উদ্দেশ্য ইরানকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দেওয়া। উল্লেখ্য, বাকু এর আগেও ইসরায়েল-তুরস্কসহ আঞ্চলিক বিভিন্ন মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বৈঠকগুলোতে ইসরায়েল-সিরিয়ার সম্ভাব্য নিরাপত্তা চুক্তি, অঞ্চলে ইরানের প্রভাব হ্রাস, হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডারের ভবিষ্যৎ, লেবানন থেকে পরিচালিত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর অবস্থান এবং গাজা থেকে বিতাড়িত ফিলিস্তিনিদের পুনর্বাসনের মতো অত্যন্ত স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

সিরিয়ার পক্ষে এই আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী আসআদ আল-শিবানী এবং ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সংলাপ পরিচালনার দায়িত্বে থাকা আহমেদ আল-দালাতি উপস্থিত ছিলেন। অন্যদিকে, ইসরায়েলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের বিশেষ দূত এবং ঊর্ধ্বতন সামরিক-গোয়েন্দা কর্মকর্তারা অংশ নেন বলে জানা গেছে।

আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল দামাস্কাসে ইসরায়েলের একটি সমন্বয় অফিস খোলার সম্ভাবনা। এটি আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি না হলেও, ইসরায়েল-সিরিয়া সম্পর্কের ক্ষেত্রে এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

সম্প্রতি আল-শারা আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ধারণা করা হচ্ছে, এই সফরের ফাঁকেই সিরিয়ান ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে এই আলাদা বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে। যদিও সিরিয়ার সরকারি সূত্র এখনো দাবি করছে যে, আল-শারা সরাসরি এই আলোচনায় উপস্থিত ছিলেন না।

এর আগে কিছু প্রতিবেদনে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আবুধাবিতে আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে দাবি করা হয়েছিল, তবে পরে জানা যায় যে ওই সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন, ফলে সেই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এসেছে। আসাদের শাসনের শেষ দিকে ইসরায়েল সিরিয়ার কিছু অঞ্চলে সামরিক অবস্থান নিয়েছিল, সেই উপস্থিতির ভবিষ্যৎও এই আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা ছিল।

যদিও এই বৈঠকগুলোর পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশ্যে আসেনি, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল এবং সিরিয়ার শীর্ষ পর্যায়ের নেতাদের সরাসরি গোপন আলোচনায় বসা মধ্যপ্রাচ্যে নতুন এক সমীকরণের জন্ম দিচ্ছে। এই প্রক্রিয়ায় বাকু একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে।

ইসরায়েল এবং সিরিয়ার কোনো পক্ষই এই সংবেদনশীল বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হয়নি।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator