রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম। ফেসবুক পোস্টে তারেক রহমানকে উদ্দেশ করে ‘নরপিশাচ’ মন্তব্য করে তিনি বিএনপির দায়ও তুলে ধরেন।
রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে নির্মমভাবে পাথর মেরে হত্যার ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এই বর্বরোচিত ঘটনাকে মধ্যযুগীয় নৃশংসতার সঙ্গে তুলনা করে তিনি সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এবং সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়ী করেন।
শুক্রবার, ১১ জুলাই, নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে সারজিস আলম লেখেন,সবাই খারাপ কিন্তু উনি ভালো—এই নাটক আর বাংলাদেশে চলবে না। আপনার দলের নেতাকর্মী নামধারী কিছু নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান।
তিনি আরও বলেন,যেভাবে আওয়ামী লীগের যেকোনো খুনের দায় শেখ হাসিনার ওপর বর্তায়, ঠিক তেমনভাবেই বিএনপি, যুবদল কিংবা ছাত্রদলের যেকোনো খুনের দায় আপনার কাঁধেই বর্তায়। এ দায় এড়ানোর সুযোগ নেই।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঢাকার মিটফোর্ড হাসপাতালে সামনে চাঁদা না দেয়ার জেরে স্থানীয় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে রাস্তায় ফেলে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় পাশেই যুবদলকর্মীরা উপস্থিত ছিলেন এবং হত্যার পরপরই তারা মরদেহ ঘিরে হাসি-উল্লাসে মেতে ওঠে।
এই দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী নিন্দা ও ক্ষোভের ঝড় উঠে।
এ বর্বরতাকে তিনি “আইয়ামে জাহেলিয়ার” যুগের সঙ্গে তুলনা করে লেখেন—মিটফোর্ড হাসপাতালের পাশে একজন ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা এবং তার লাশ ঘিরে বুনো উল্লাস—এমন ঘটনা কল্পনাই করা যায় না। এই দেশের মানুষ তা কখনও মেনে নেবে না। বর্বরতা, রক্তের উল্লাস—এসব আর নয়।
জুলাই বিপ্লবের আদর্শের প্রসঙ্গ টেনে সারজিস বলেন,এই জন্য তো বাংলাদেশে মানুষ ‘জুলাই বিপ্লব’ করেনি। দেশের মানুষ এমন বর্বরতা দেখতে চায় না। নতুন প্রজন্ম হয়তো কিছুটা ছাড় দেয়, কিন্তু তারা কাউকে ছাড় দেবে না—না খুনিকে, না বর্বরতাকে।
এই একই ঘটনার প্রতিক্রিয়ায় এনসিপি’র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লিখেছেন,প্রস্তর যুগে স্বাগতম। কেউ ইতিহাস থেকে শিক্ষা নেন না—এটাই বাংলাদেশের বাস্তবতা।
সারজিস আলমের এই স্ট্যাটাসের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে এই হত্যাকাণ্ডকে রাজনীতির নামে সন্ত্রাসের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন।
বেশিরভাগ ব্যবহারকারী এই হত্যার ন্যায়বিচার দাবি করে মন্তব্য করেছেন,মানবতার শত্রুরা যেন কোনো দলের আশ্রয়ে নিরাপদ না থাকে।
বিশ্লেষকদের মতে, এমন ঘটনাগুলো রাজনীতির আড়ালে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়ের ভয়াবহ চিত্র তুলে ধরে। এ ধরনের অপরাধী যেই হোক, দ্রুত বিচার নিশ্চিত না হলে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা হারাবে।
App „Eye News BD“
Bemerkungen 0