মাত্র ১৬ দিনের ব্যবধানে পাঁচ লক্ষাধিক আফগান নাগরিককে নিজ দেশ থেকে তাড়িয়েছে ইরান। ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে আফগানদের উপর নেমে এসেছে নিপীড়নের খড়গ।
মাত্র ১৬ দিনে পাঁচ লক্ষাধিক আফগান নাগরিককে ইরান থেকে বিতাড়ন করেছে দেশটির সরকার। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম নিশ্চিত করেছে, গত ২৪ জুন থেকে ৯ জুলাইয়ের মধ্যে ইরানি-আফগান সীমান্ত দিয়ে ইরান ছেড়েছেন মোট ৫ লাখ ৮ হাজার ৪২৬ জন আফগান।
এই বহিষ্কারের অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে — আফগানদের ‘ইসরায়েলি গুপ্তচর’ হিসেবে সন্দেহ করা। যদিও এর কোন প্রামাণ্য তথ্য উপস্থাপন করা হয়নি, তবে ইরান সরকার কয়েক মাস ধরেই বারবার জানিয়ে আসছে যে, তারা নথিহীন আফগানদের ইরান ছাড়তে বাধ্য করবে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, শুধু বুধবারেই (৯ জুলাই) ইরান ছেড়েছেন ৩৩ হাজার ৯৫৬ জন আফগান নাগরিক। আগেরদিন মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩০ হাজার ৬৩৫ জন। শুক্রবার সর্বোচ্চ ৫১ হাজার আফগান ইরান ছেড়েছে, যা অভিবাসন ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে লাখো মানুষ বিগত বছরগুলোতে কাজের সন্ধানে বা নিরাপদ আশ্রয়ের খোঁজে ইরানে পাড়ি জমিয়েছিল। তবে চলমান রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা ইস্যু এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের পরে নতুন করে শুরু হয়েছে আফগান বিরোধী অভিযান।
জাতিসংঘের তথ্যমতে, ইরানে বর্তমানে প্রায় ৫০ লাখ আফগান নাগরিক বাস করছেন, যাদের অনেকেই কর্মসংস্থান, ব্যবসা বা পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। কিন্তু হঠাৎ করেই এসব আফগান নাগরিককে ‘সন্দেহভাজন’ হিসেবে চিহ্নিত করে গ্রেফতার, নির্যাতন ও অপমানজনক আচরণের মুখোমুখি হতে হয়েছে।
ভুক্তভোগী আফগানদের অনেকেই অভিযোগ করেছেন, তেহরানের রাস্তাঘাট ও বাজারে তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। অনেককে মারধর, অপমান ও পুলিশের হয়রানির মুখে পড়তে হয়েছে। এমনকি পরিবারসহ বসবাসরতদেরও জোর করে দেশত্যাগে বাধ্য করা হয়েছে।
আগামী ১৩ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ইরান সরকার। এর মধ্যে যারা নথিপত্র দেখাতে পারবে না, তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানো হবে আফগানিস্তানে। এই প্রেক্ষাপটে মানবাধিকার সংস্থাগুলো বিষয়টিকে গভীর উদ্বেগের চোখে দেখছে।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর ইরান অভ্যন্তরীণ নিরাপত্তাকে অজুহাত করে ‘বিদেশি শত্রু’ হিসেবে আফগানদের টার্গেট করছে। যদিও এখন পর্যন্ত আফগানদের গুপ্তচরবৃত্তির কোনও সরাসরি প্রমাণ প্রকাশ্যে আসেনি।
এই বহিষ্কারের ফলে সীমান্তবর্তী অঞ্চলে তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। সীমান্ত পাড়ি দিতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তীব্র গরম ও খাবার-জলের অভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তবুও ইরান সরকারের অবস্থান কঠোর।
এই ঘটনার ফলে শুধু ইরান-আফগান সম্পর্কই নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও অভিবাসন নীতিতেও গভীর প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
برنامه «Eye News BD»
نظرات 0