জাতীয় নাগরিক পার্টির নেত্রী সামান্থা শারমিন শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে তাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি গুম, খুন ও নারী বৈধব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে তাকে ‘বাংলার ইয়াজিদ’ বলে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও ক্রসফায়ারে নারী জীবনে অকাল বৈধব্য নেমে আসার অভিযোগ তোলেন। এই পোস্টটি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
গত ৬ জুলাই, রোববার রাতে সামান্থা শারমিন তার অফিসিয়াল ফেসবুক পেজে এক বিস্ফোরক মন্তব্যে লেখেন, “বাংলার ইয়াজিদ হাসিনার গুম, খুন ও ক্রসফায়ারে কত নারীর জীবনে নেমে এসেছে অকাল বৈধব্য! এসব ঘটনা একত্র করলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’-কেও তা হার মানাবে।”
সামান্থা তার পোস্টে কারবালার আদর্শ তুলে ধরে বলেন, “হযরত ইমাম হোসেন (রা.) ও তার সহচরদের আত্মত্যাগ মানব ইতিহাসে সত্য, ন্যায় ও স্বাধীনতার প্রতীক। আজও পৃথিবীর নানা প্রান্তে চলমান স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সেই আদর্শ মানুষকে অনুপ্রেরণা দেয়।” তিনি গাজার উদাহরণ টেনে বলেন, “গাজা থেকে বাংলাদেশ—প্রত্যেক সংগ্রামে কারবালার বার্তা আজও প্রাসঙ্গিক।
নারী সাহসিকতার উদাহরণ টেনে তিনি বলেন, “উম্মে লাইলা, বারাব বিনতে ইমরুল কায়েস এবং হযরত জয়নাব (আ.)—এই নারীদের আত্মত্যাগ বিশ্বের সব আত্মমর্যাদাশীল নারীর জন্য অনুকরণীয় হয়ে থাকবে। স্বামী, পিতা বা সন্তান হারানোর পরও তারা মাথা নত করেননি। তাদের দৃঢ়তা ও মর্যাদাবোধ যুগে যুগে নারীদের শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে।
সামান্থা শারমিন আরও বলেন, এই দুনিয়ার প্রতিটি জনপদ যেন একেকটি কারবালা, প্রতিটি দিন আশুরার প্রতিচ্ছবি।” তিনি এক তরুণীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উল্লেখ করেন, “তিনি একবার প্রশ্ন রেখেছিলেন, আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে?” সামান্থা বলেন, “এই প্রশ্ন আজও আমাদের বিবেক নাড়িয়ে দেয়, আমাদের ব্যর্থতার মুখোমুখি দাঁড় করায়।
নারী অধিকারের প্রশ্নে তার বক্তব্য ছিল আরও জোরালো। তিনি বলেন, “নারীদের সন্তান হারানোর শোক, স্বজন হারানোর বেদনা, অকাল বৈধব্যের যন্ত্রণা—এসব থেকে নারীদের মুক্ত করতে হলে নিরাপত্তা ও অধিকার নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। শুধু রাজনৈতিক বুলি নয়, চাই কার্যকর পদক্ষেপ।
তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া। অনেকেই মন্তব্য করছেন, এটি একটি সাহসী অবস্থান এবং নারীর পক্ষে স্পষ্ট কণ্ঠ। আবার অনেকে বলছেন, বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অতিরঞ্জিত, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের মন্তব্য ক্ষমতাচ্যুত সরকারের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ হলেও, এটি নতুন একটি নারীকেন্দ্রিক প্রতিবাদের ভাষাও হতে পারে। বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে অতীতে গুম ও খুনের অভিযোগ যেভাবে উত্থাপিত হয়েছে, সামান্থার বক্তব্য তারই একটি নতুন রূপ।
App „Eye News BD“
Bemerkungen 0