বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম-বিপিএম দেশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের আগামী জাতীয় নির্বাচনে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি এ বার্তা দিয়েছেন জুলাই আন্দোলনে শহীদ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরের রুপাতলিস্থ পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বাহারুল আলম এ আহ্বান জানান। তিনি বলেন, “৫ আগস্টের পর পুলিশ সদস্যরা অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে, যা ইতিহাসে গৌরবের অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে।”
আইজিপি বাহারুল আলম আরও বলেন, “দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।” তিনি পুলিশ সদস্যদের হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, ছুটির সময় মোটরসাইকেল ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের পোশাক পরে ছবি বা ভিডিও আপলোড করা এবং নিজেকে পুলিশ পরিচয় দেয়া থেকে বিরত থাকার নির্দেশনা দেন।
বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ঝুঁকি ভাতা, আর্থিক সহায়তা, মোটরসাইকেল ক্রয়ের জন্য সুদমুক্ত লোন, চিকিৎসা সুবিধা, ছুটি, বেতন-রেশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আইজিপি সকলের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভার শুরুতেই জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম ও রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম আইজিপিকে সম্মাননা স্মারক প্রদান করেন। এরপর তিনি পুলিশ লাইন্স ড্রিল শেড সংলগ্ন রাস্তার পাশে গাছের চারা রোপণ করেন।
বেলা সাড়ে ৩টার দিকে আইজিপি বরিশাল জেলা পুলিশ লাইন্স গ্রাটিটিউট হলে বিভাগে কর্মরত সব ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও রেঞ্জ ডিআইজি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় বরিশাল পৌঁছালে পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ফুলেল শুভেচ্ছা জানিয়ে আইজিপিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মেস প্রাঙ্গণে আইজিপিকে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।
বরিশাল সফরে আইজিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশ, ১০ এপিবিএন, বরিশাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল, বরিশাল জেলা পুলিশ, আরআরএফ বরিশাল সহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এই সফরে বরিশাল বিভাগের সকল ইউনিট প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি বাহারুল আলমের এই সফর ও বক্তব্য দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী নির্বাচনে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধ বৃদ্ধির ক্ষেত্রে একটি ইতিবাচক সংকেত হিসেবে গণ্য হচ্ছে