ভারতের বেসরকারি উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসসহ পুরো গ্রুপের সব পাইলটের জন্য মাদক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এয়ার ইন্ডিয়ার পাঠানো এক ই-মেইলে পাইলটদের এই পরীক্ষার নির্দেশ দেওয়া হয়।
এয়ারলাইনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যমান বিধিমালায় অনুমোদিত নয়—এমন কোনো পদার্থ বা ওষুধ পাইলটদের শরীরে রয়েছে কি না, তা শনাক্ত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
ই-মেইল অনুযায়ী, এয়ারলাইন্সের গুরুগ্রাম কেন্দ্রে প্রশিক্ষণের পাশাপাশি পাইলটদের মাদক পরীক্ষা সম্পন্ন করা হবে। তবে যেসব পাইলট বর্তমানে দিল্লি-এনসিআরের বাইরে অবস্থান করছেন, তাদের গন্তব্য শহরে থাকা এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে পরীক্ষা করা হবে।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার বাধ্যবাধকতার বাইরে গিয়ে নেওয়া এই উদ্যোগের মূল লক্ষ্য বিমান চলাচলের নিরাপত্তা ও পেশাদারত্বের সর্বোচ্চ মান বজায় রাখা। পাশাপাশি এ পদক্ষেপ যাত্রী ও সাধারণ মানুষের আস্থাও বাড়াবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির ঘটনায় অন্তত ২৪ জন যাত্রী আহত হওয়ার কয়েক দিনের মধ্যেই পাইলটদের জন্য এই কঠোর নির্দেশনা এলো।
ওই ঘটনার পর দায়িত্বপ্রাপ্ত প্রধান পাইলটের মাদক পরীক্ষায় গাঁজার উপস্থিতি পাওয়া গেছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে। তবে দুর্ঘটনার আগে উড়োজাহাজটির হাইড্রোলিক ও নিয়ন্ত্রণব্যবস্থায় ত্রুটির বিষয়টিও সামনে এসেছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে বিমান দুর্ঘটনাসংক্রান্ত তদন্তকারী সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে পাইলটদের বাধ্যতামূলক মাদক পরীক্ষার মাধ্যমে বিমান চলাচলের নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে এয়ার ইন্ডিয়া গ্রুপ।