তারুণ্যের মেধা ও রাজনৈতিক ত্যাগের যথাযথ মূল্যায়নের দাবিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ইশতিয়াক আহমেদ ইসহাক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এ চিঠিতে ঈশ্বরগঞ্জবাসীর পক্ষ থেকে বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়।
চিঠিতে বলা হয়, দীর্ঘ সময় ধরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ রাজনৈতিকভাবে অবহেলিত ছিল এবং বহিরাগত প্রতিনিধিদের নির্বাচিত হওয়ার কারণে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। তবে ২০০১-২০০৬ মেয়াদে স্থানীয় সন্তান শাহ্ নুরুল কবির শাহিন সংসদ সদস্য থাকাকালে ঈশ্বরগঞ্জ উন্নয়নের মুখ দেখেছিল বলে উল্লেখ করা হয়।
এবারের নির্বাচনে ঈশ্বরগঞ্জবাসী তাদেরই আরেক স্থানীয় সন্তান, প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, তিনি একজন মেধাবী প্রকৌশলী ও দক্ষ সংগঠক। রাজনৈতিক জীবনে নির্যাতনের শিকার হয়েও তিনি আপসহীন মনোভাব নিয়ে জনগণের পাশে থেকেছেন।
খোলা চিঠিতে বিএনপি চেয়ারম্যানের কাছে অনুরোধ জানিয়ে বলা হয়, তরুণ প্রজন্মের কর্মসংস্থান, কারিগরি উন্নয়ন এবং আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে যথাযথ মূল্যায়ন করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক। শিক্ষা, আইসিটি অথবা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ খাতে দায়িত্ব পেলে তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে চিঠিতে আশা প্রকাশ করা হয়।
চিঠির শেষাংশে বলা হয়, তারেক রহমানের সুদূরপ্রসারী নেতৃত্বে এবং তরুণ ও মেধাবী নেতৃত্বের সমন্বয়ে বাংলাদেশ বিশ্বদরবারে আরও এগিয়ে যাবে। এমন প্রত্যাশা ঈশ্বরগঞ্জবাসীর।



















