সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারী আটক

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমেরচর থেকে এক হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ হরিণ ধরার মালা ফাঁদসহ অন্যান্য সরঞ্জাম।..

শনিবার সকালে বনরক্ষীদের অভিযানে ওই শিকারীকে আটক করা হয় বলে জানিয়েছে বনবিভাগ। 

বনবিভাগ জানায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মিজানুর রহমানের নেতৃত্বে  বনরক্ষীরা শনিবার (৪ এপ্রিল) সকালে কচিখালীর ডিমেরচরে সুন্দরবনে নিয়মিত টহলকালীন বনের মধ্যে মালা ফাঁদ পাতা রয়েছে দেখতে পান। এ সময় বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশী করে এক হরিণ শিকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটক শিকারী হচ্ছে.পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে ছগির খান (৪০)। আটক শিকারীর কবল থেকে ৪ হাজার ফুট মালা ফাঁদ, মাংস পরিমাপ করা দাড়িপাল্লা, ২ কেজি সাদা পলিথিন, প্লাষ্টিক বস্তা, চাল ডাল সহ আনুষঙ্গিক মালামাল জব্দ করেন বনরক্ষীরা। আটক শিকারীর বরাত দিয়ে বনরক্ষীরা জানান, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে আরো ৫ শিকারী পালিয়ে গেছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন,কচিখালী ডিমেরচরে মালা ফাঁদসহ আটক হরিণ শিকারীর বিরুদ্ধে বন আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে এসিএফ জানিয়েছেন।

No comments found


News Card Generator