সীতাকুণ্ডের সৈয়দপুর সৈকতে ঐতিহ্যবাহী ‘বারুণী স্নান’ অনুষ্ঠিত
এম জামশেদ আলম
সীতাকুণ্ড প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর সমুদ্র উপকূলের বঙ্গোপসাগর তীরবর্তী সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বারুণী স্নান উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) ব্যাপক ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র সমুদ্রস্নান অনুষ্ঠিত হয়েছে।
চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে আয়োজিত এই অনুষ্ঠানে ভোর থেকেই উপকূলজুড়ে ভক্তদের ঢল নামে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অশ্বিনী নক্ষত্রের যোগে এই দিনে গঙ্গা বা সমুদ্রস্নান করলে পাপ মোচন ও পুণ্য লাভ হয়। সেই বিশ্বাস থেকেই শত শত নারী-পুরুষ ও শিশু সমুদ্রে পবিত্র স্নান করে নিজেদের ও পরিবারের কল্যাণ কামনায় প্রার্থনা জানান।
স্নান শেষে ভক্তরা পূজা-অর্চনা, দান-ধ্যান এবং বিশেষ প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আচার পালন করেন। স্থানীয় সনাতন সম্প্রদায়ের উদ্যোগে উৎসবকে ঘিরে সৈকত এলাকায় সাময়িক মেলা ও সামাজিক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকদের একজন মিলন কান্তি রায় জানান, দীর্ঘদিন ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান শুধু ধর্মীয় দিক থেকেই নয়, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়দের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকা থেকেও ভক্তরা প্রতি বছর এই দিনে সৈয়দপুর উপকূলে সমবেত হন।
এদিকে উৎসবস্থলে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনাম, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সাবেক আহ্বায়ক হাজী আবু তাহের, সাধারণ সম্পাদক আইনুল কামাল, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, যুবদল নেতা মনছন আলী, মহসিন, আ. হালিম ও শওকত আলীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দের মতে, এ ধরনের ধর্মীয় আয়োজন সৈয়দপুর সৈকতকে একটি পবিত্র ও ঐতিহ্যবাহী পর্যটনস্থল হিসেবে পরিচিত করে তুলতে সহায়তা করছে।



















