সীতাকুণ্ডে স্বাস্থ্যসম্মত শুটকি প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
এম জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড-এ স্বাস্থ্যসম্মতভাবে শুটকি মাছ প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুটকি শিল্পকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।
শনিবার (৯ মে) সকালে আয়োজিত কর্মশালায় শুটকি উৎপাদনে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ, নিরাপদ সংরক্ষণ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ এবং বিদেশে রপ্তানির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি মাকসুদুর রহমান বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে উৎপাদিত শুটকি মাছের আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। তবে মানসম্মত প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করা গেলে এ খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আরও বৃদ্ধি পাবে।
বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাকোয়্যাকালচার অ্যালাইয়েন্স-এর অর্থায়নে কর্মশালাটি বাস্তবায়ন করে বাংলাদেশ অ্যাকোয়্যাকালচার অ্যালাইয়েন্স। এতে সহযোগিতা করে মৎস্য অধিদপ্তর, সীতাকুণ্ড।
কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ্। তিনি বলেন, স্বাস্থ্যসম্মত উপায়ে শুটকি উৎপাদন নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শুটকির চাহিদা ও রপ্তানি সম্ভাবনা আরও বাড়বে। পাশাপাশি উৎপাদকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য অধিদপ্তরের অঞ্চলিক মৎস্য কর্মকর্তা মো. নুরুল আমিন। এ সময় স্থানীয় মৎস্য ব্যবসায়ী, আড়তদার, শুটকি উৎপাদনকারী, মৎস্যজীবী, প্রক্রিয়াজাতকারী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, আধুনিক প্রযুক্তি ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের শুটকি শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।



















