সীতাকুণ্ডে প্রতিদন্দ্বী জামায়াত প্রার্থীর সঙ্গে আসলাম চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
মোহাম্মদ জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চসিক ৯-১০ ওয়ার্ড আংশিক) আসনে বিজয়ী বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত পরাজিত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় উভয়ের মধ্যে মিষ্টিমুখ ও আপ্যায়ন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে নিজ বাসভবনের সামাজিক মসজিদে দোয়া ও শোকরানা মাহফিলে অংশ নেন আসলাম চৌধুরী। পরে পারিবারিক কবরস্থানে জিয়ারত শেষে তিনি আনোয়ার সিদ্দিক চৌধুরীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন।
সাক্ষাৎকালে আসলাম চৌধুরী তাঁর প্রতিদ্বন্দ্বীর খোঁজখবর নেন এবং সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। পাশাপাশি আগামী দিনে এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে, সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করলেই সীতাকুণ্ডের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।
জবাবে আনোয়ার সিদ্দিক চৌধুরী সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং আসলাম চৌধুরীকে ভবিষ্যতে মন্ত্রী হিসেবেও দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা: কমল কদর, বিএনপি নেতা মোঃ মোরছালিনসহ স্থানীয় জামায়াত ও বিএনপির অনেক নেতৃবৃন্দ।
বিকেলে নিজ বাসভবনে নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আসলাম চৌধুরী। এ সময় ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে তাঁকে অভিনন্দন জানানো হয়। তিনি সীতাকুণ্ডের উন্নয়ন ও বেকারত্ব নিরসনে সকলের সহযোগিতা কামনা করেন।
জনপ্রিয় সংবাদপত্র
×



















