সীতাকুণ্ডে একই দিনে তিন মৃত্যু: সড়ক দুর্ঘটনায় দুজন, রেললাইনে অজ্ঞাত একজন..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
দুর্ঘটনায় দুজন, রেললাইনে অজ্ঞাত একজন
সীতাকুণ্ডে একই দিনে তিন মৃত্যু: সড়ক দুর্ঘটনায় দুজন, রেললাইনে অজ্ঞাত একজন নিহত।
 
এম জামশেদ আলম, 
সীতাকুণ্ড প্রতিনিধি:
 
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একই দিনে পৃথক তিনটি ঘটনায় দুইজন নিহত এবং রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দুপুরের মধ্যে সোনাইছড়ি, কুমিরা ও বাড়বকুণ্ড এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখী লেনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মো. হারুনুর রশীদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি সোনাইছড়ি ইউনিয়নের হিংগুড়ি এলাকার বাসিন্দা ছিলেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এদিকে সকাল ১১টার দিকে কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. হাসান (১৫) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়। নিহত হাসান হাদি ফকিরহাট মির্জা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার এলাকার বাসিন্দা।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, মীরসরাই থেকে কয়েকজন শিক্ষার্থী ট্রাকে করে কুমিরা এলাকার আকিলপুর সমুদ্র সৈকতে ঘুরতে আসে। ট্রাক থেকে নামার পর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গরুবাহী পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হক জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে একই দিনে সকালে বাড়বকুণ্ড মুছা কলোনি এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দীপক দেওয়ান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহটি দুই রেললাইনের মাঝখান থেকে উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
没有找到评论


News Card Generator