সীতাকুণ্ডে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেসের জেনারেটর বগিতে আগুন, দুই বগি পুড়ে ছাই
এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনের জেনারেটর (পাওয়ার কার) বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জেনারেটর বগিসহ পাশের একটি যাত্রীবাহী বগি পুড়ে যায়। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারী স্টেশন অতিক্রম করে বিএমএ গেট এলাকায় পৌঁছালে সকাল ৭টার দিকে হঠাৎ জেনারেটর বগিতে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের শীতাতপ নিয়ন্ত্রিত ‘চ’ বগিতেও, ফলে দুটি বগিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ট্রেনের এক বয়স্ক যাত্রী ওয়াশরুমে গিয়ে প্রথমে আগুন দেখতে পান। পরে তিনি অন্য যাত্রীদের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে ট্রেন থামানোর সংকেত দেওয়া হয়। ট্রেনটি থামার পর যাত্রীরা দ্রুত নেমে পড়েন, ফলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে ট্রেনের কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আগুন লাগা জেনারেটর বগি ও ‘চ’ বগি বিচ্ছিন্ন করে ফৌজদারহাট স্টেশনে নেওয়া হয়। পরে চট্টগ্রাম থেকে বিকল্প দুটি বগি এনে ট্রেনটির সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ১৭টি বগি নিয়ে ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। বিএমএ গেট এলাকায় পৌঁছালে শীতাতপ নিয়ন্ত্রিত বগির সামনে থাকা পাওয়ার কারে আগুনের সূত্রপাত ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আহসান হাবিব বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের কারণে ঢাকামুখী লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্পভাবে চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।



















