সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধাদের সব সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি এমপি আসলাম চৌধুরীর
এম জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজীরেখে দেশ স্বাধীন করেছেন। তাঁদের সম্মান ও প্রাপ্য সুযোগ–সুবিধা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, “আপনাদের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তাই সীতাকুণ্ডের বীর মুক্তিযোদ্ধাদের সব ধরনের সুযোগ–সুবিধা নিশ্চিত করার দায়িত্ব আমি গ্রহণ করছি।”
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় তিনি সীতাকুণ্ডকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুন্নেছা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার সৈয়দ আবুল মনসুর, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নাসের এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
অনুষ্ঠান মঞ্চে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন, ওসি (তদন্ত) আলমগীর হোসেন, প্রকৌশলী আলমগীর বাদশা, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, মো. মোরছালিন, জাকির হোসেন, মো: বখতিয়ার উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের জন্য নাস্তা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।
এর আগে সকাল ৮টায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ, খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দিবসের শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, সীতাকুণ্ড প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।



















