close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলায় ভক্তদের ঢল

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলায় ভক্তদের ঢল
সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলায় ভক্তদের ঢল
 
মোহাম্মদ জাম‌শেদ আলম,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
 
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রনাথ ধাম–কে কেন্দ্র করে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে। শনিবার সকাল থেকেই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো সনাতনী পুণ্যার্থী দলে দলে মেলায় অংশ নেন। ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির সড়ক, কলেজ রোড ও পাহাড়চূড়ার মন্দির এলাকা।
প্রতিবছরের মতো এবারও শিবচতুর্দশী ও মহাশিবরাত্রি উপলক্ষে ভক্তদের মিলনমেলায় পরিণত হয়েছে চন্দ্রনাথ ধাম। ব্যাসকুণ্ড, শ্রদ্ধাঙ্গন ও ভৈরব মন্দির এলাকাজুড়ে সকাল থেকেই ভক্তদের পদচারণায় প্রাণচাঞ্চল্য দেখা যায়। তীর্থযাত্রীরা স্নান, পূজা-অর্চনা ও তর্পণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ত্রয়োদশী তিথিতে ভক্তরা সংযম পালন করছেন। চতুর্দশী তিথিতে ব্রত রেখে স্নান-তর্পণ সম্পন্ন করে সীতাকুণ্ডের বিভিন্ন মঠ-মন্দির পরিক্রমা করবেন তারা। পরে স্বয়ম্ভুনাথ ও চন্দ্রনাথ মন্দিরে শিবলিঙ্গে জল ঢালার মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করবেন। তৃতীয় দিন অমাবস্যা তিথিতে মৃত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মেলাকে ঘিরে মন্দির সড়কের রেলগেট থেকে চন্দ্রনাথধামের পাদদেশ পর্যন্ত বসেছে নানা ধরনের দোকান ও স্টল। ধর্মীয় বই-পুস্তক, পূজাসামগ্রী, প্রসাদ ও বিভিন্ন খাবারের দোকানে ভিড় লক্ষ করা গেছে। পুরো এলাকা বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, যা ভক্তদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করেছে।
মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সীতাকুণ্ড স্রাইন কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তীর্থধাম এলাকায় টহল দিচ্ছেন।
সীতাকুণ্ড স্রাইন কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ জানান, তীর্থযাত্রীদের সুবিধার্থে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মেলা কমিটির নির্বাহী সভাপতি মো. ফখরুল ইসলাম বলেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মেলা চলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
No comments found


News Card Generator