সিরাজগঞ্জে ফুটফুটে শিশু রামিসাকে (৭) পাশবিক নির্যাতন ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে ফুসে উঠেছে সর্বস্তরের মানুষ। আজ (২২ মে) পবিত্র জুমার নামাজ পর থেকে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তীব্র ক্ষোভ আর শোকে উত্তাল হয়ে উঠেছে পুরো জেলা শহর। অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিতের দাবিতে উত্তাল এখন সিরাজগঞ্জ।
জুমার নাম পর সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। 'রামিসার হত্যাকারীদের ফাঁসি চাই', 'ধর্ষকদের ঠাঁই নাই', 'আমার বোন মরলো কেন, প্রশাসন জবাব চাই'—এমন শ্লোগানে মিছিলে অংশ নেন হাজারো মানুষ।
বিক্ষোভে শুধু বিভিন্ন সংগঠনের নেতাকর্মীই নন, স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন সাধারণ শিক্ষার্থী, শিক্ষক সহ সাধারণ মানুষ। মিছিলে অংশ নেওয়া অনেকের চোখেই ছিল অশ্রু, আর কণ্ঠে ছিল খুনিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ।
বিক্ষোভ মিছিল শেষে বাজার স্টেশনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় মানবাধিকার কর্মী, শিক্ষক নেতা এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, "একটি ৭ বছরের অবুঝ শিশুকে যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। এই জঘন্য অপরাধীরা সমাজের কীট। এদের কোনো ক্ষমা নেই।"
সংগঠনগুলোর পক্ষ থেকে আলটিমেটাম দিয়ে বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি মামলার সুষ্ঠু তদন্ত শেষ করে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার কার্যক্রম শুরু করে সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) দেওয়া না হয়, তবে পুরো সিরাজগঞ্জ অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে শিশু রামিসার বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। ছোট্ট
আদরের কন্যাসন্তানকে হারিয়ে মা-বাবা এখন প্রায় অর্ধপাগল। রামিসার মা বারবার মূর্ছা যাচ্ছেন আর বিলাপ করে বলছেন, "আমার নিষ্পাপ মেয়েটার কী অপরাধ ছিল? আমি শুধু আমার মেয়ের খুনির ফাঁসি চাই।"
উল্লেখ্য, ইতিমধ্যেই প্রধান আসামিসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছে এবং অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন।
রামিসা হত্যার এই ঘটনা সিরাজগঞ্জের বাতাসকে ভারী করে তুলেছে। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত এই নির্মম হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে জনমনে শান্তি ও ন্যায়বিচার ফিরিয়ে আনতে পারে।