স্বাধীনতার ৫৩ বছরেও বিরোধীদের চরিত্র বদলায়নি — আসলাম চৌধুরী
মোহাম্মদ জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলের সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, “নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ এবং ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীন দেশ স্বাধীনতার বিরোধীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, স্বাধীনতার ৫৩ বছর পার হলেও স্বাধীনতাবিরোধী শক্তির চরিত্র পরিবর্তন হয়নি। তারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের আহত ও ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে আমি ৫০ হাজার টাকা করে চেক দিয়েছি। আগামী ১০ তারিখ থেকে তারা ওই চেকের টাকা উত্তোলন করতে পারবেন।”
তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা কৃষক দলের আহ্বায়ক এবং বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বদরুল আলম বদরুলের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন—বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ চৌধুরী, জেলা বিএনপি নেতা জহুরুল আলম জহুর, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, বিএনপি নেতা সুজায়েত চৌধুরী, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রাসেল, প্রবীণ বিএনপি নেতা আবুল বশর ভূঁইয়া, হারুন ভূঁইয়া, কাজী মো. ইছহাক, যুবদলের সেক্রেটারি মো. সাহাবুদ্দিন রাজু, যুবদল নেতা একরামুল হক ও সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।



















