রাস্তার পাশে অচেতন ৫ ধানকাটা শ্রমিককে উদ্ধার

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের ফুলবাড়ীতে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় ৫ জন ধানকাটা শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার ঢাকা মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

 

দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামের মো. শাকিব (১৯), আকবর (৩০), হেলাল (২৫), জাকির (৪৫) ও মমিন (৩৫)। তারা সবাই গত ২০-২৫ দিন ধরে টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় ধান কাটার কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকরা বুধবার ভোরে একটি ট্রাকে করে টাঙ্গাইল থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ফিরছিলেন। ট্রাকটি ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় এলাকায় পৌঁছালে চালক তাদের নামতে বলেন। কোনো সাড়া না পেয়ে চালক দেখেন পাঁচজনই অচেতন হয়ে পড়ে আছেন। এরপর চালক তাদের রাস্তার পাশে নামিয়ে রেখে ট্রাক নিয়ে রংপুরের দিকে চলে যান।

 

সকালে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দিলে টহল দল তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়দের ধারণা, পথিমধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শ্রমিকরা সর্বস্ব হারিয়েছেন। দুষ্কৃতকারীরা তাদের অচেতন করে কষ্টার্জিত টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছে।

 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ শাহ জানান, শ্রমিকরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। তবে শ্রমিকদের জ্ঞান না ফেরা পর্যন্ত বিস্তারিত তথ্য বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

 

 

 

 

Hiçbir yorum bulunamadı


News Card Generator