সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে ‘অদম্য নারী পুরস্কার-২০২৬’ অর্জন করায় ফরিদপুরের কৃতী নারী মোসা. আফরোজা ইয়াসমিন-কে সংবর্ধনা দিয়েছে তার নিজ এলাকার মানুষ।
মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা কর্তৃক আয়োজিত ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরিতে তিনি গত ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর হাত থেকে জাতীয় পর্যায়ের এ সম্মাননা গ্রহণ করেন।
এ উপলক্ষে সুরভী বহুমুখী সমবায় সমিতি লি., সুরভী মহিলা উন্নয়ন সংস্থা ও এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টায় ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গঙ্গাবর্দী গ্রামে অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। পরে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে আফরোজা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে বরণ করা হয়।
আ. বারী মোল্লার সভাপতিত্বে এবং মো. সেলিম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান মোল্লা, কৃষকদলের সভাপতি মো. লাল মিয়া সর্দার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. আফজাল হোসেন মোল্লা, পশ্চিম গঙ্গাবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ফজলুল হক, ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইদ্রিস, সুরভী বহুমুখী সমবায় সমিতি লি.-এর পরিচালনা পর্ষদের সদস্য মো. হাবিবুর রহমান ও মো. হেলাল উদ্দিন খান, আলোর দিশারী যুব সংঘের সভাপতি ইজাজ আহমেদ নাসির এবং সাধারণ সম্পাদক আরিফ মীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মোসা. আফরোজা ইয়াসমিন বর্তমানে সুরভী বহুমুখী সমবায় সমিতি লি., সুরভী মহিলা উন্নয়ন সংস্থা, সুরভী যুব উন্নয়ন সংস্থা এবং আফরোজা হস্তশিল্প ও প্রশিক্ষণ কেন্দ্র-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সংস্থা, প্রকল্প ও ব্যক্তি উদ্যোগে এলাকায় শিক্ষার হার বৃদ্ধি, বয়স্ক শিক্ষা, নিরক্ষরতা দূরীকরণ এবং স্বাক্ষরজ্ঞান সম্প্রসারণে কাজ করে আসছেন। পাশাপাশি হস্তশিল্প, কুটিরশিল্প, নকশিকাঁথা ও সেলাই প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
তার এ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি প্রথমে ফরিদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার-২০২৫, পরে ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার-২০২৫ এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার-২০২৬ অর্জন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আফরোজা ইয়াসমিন আমাদের এলাকার গর্ব। তার প্রতিটি কাজ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিবেদিত। রাষ্ট্র তার কাজের যথাযথ স্বীকৃতি দিয়েছে। ভবিষ্যতেও আমরা তার উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকব।”
সংবর্ধনার জবাবে আফরোজা ইয়াসমিন বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি আপনাদের সবার। আমি আমার প্রাপ্ত এই পুরস্কার এলাকাবাসীকে উৎসর্গ করলাম। আপনারা যেমন সবসময় আমার পাশে ছিলেন, আগামীতেও থাকবেন বলে আমি আশা করি। এলাকার উন্নয়নে আমি সবার সহযোগিতা কামনা করছি।”
জনপ্রিয় সংবাদপত্র
×



















