পরিবেশ রক্ষায় কঠোর জেলা প্রশাসন: গলাচিপায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত..

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার :

পটুয়াখালীর গলাচিপায় পরিবেশ আইন অমান্য করে গড়ে তোলা ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকস’ (এমডিবি) নামের একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল) গলাচিপা উপজেলার চর বাদুরা ও বৌ বাজার এলাকায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে ইটভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধসহ আর্থিক জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘ ১০ বছর  ধরে পরিবেশের ক্ষতি করে ইট উৎপাদন করে আসছিল প্রতিষ্ঠানটি। গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামিম নুর ইসলাম।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিল প্রসিকিউশন প্রদান করেন। এ সময় ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের সদস্যদের সহায়তায় ইটভাটার কয়েক হাজার কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামিল সংবাদমাধ্যমকে বলেন, "পরিবেশ সুরক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। পটুয়াখালী জেলায় যে সকল অবৈধ ইটভাটা রয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।"

অভিযানে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

No comments found


News Card Generator