বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।
আজ সকাল সাড়ে ৮টায় কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম। জাহিদুর রহমান রাজনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এরপর সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল শোভাযাত্রায় কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসন, কোম্পানীগঞ্জ উপজেলা ও পৌরসভা জসাস , চাইলে কেয়ার স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন স্কুল অংশগ্রহণ করে পুরো এলাকাকে উৎসবের রঙে রাঙিয়ে তোলে।
সকাল দশটায় সকাল ১০টায় উপজেলা চত্বরে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম। মেলায় বিভিন্ন স্টল, গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য ও খাবারের সমাহার দেখা যায়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অন্যদিকে, পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপনের উদ্যোগে বসুরহাট এএইচ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পান্তা-ইলিশের আয়োজন করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঐতিহ্যবাহী এ খাবার পরিবেশন করা হয়, যা নতুন বছরকে ঘিরে উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে।
সব মিলিয়ে নানা আয়োজন, শোভাযাত্রা, মেলা ও ঐতিহ্যবাহী খাবারের মধ্য দিয়ে কোম্পানীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন হয়েছে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে।



















