শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সুন্দরবনে বাংলাদেশ কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই বনদস্যুকে আটক করা হয়েছে। একইসঙ্গে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা তিন জেলেকেও উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত জেলেরা হলেন— সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫)।
শুক্রবার (৩ এপ্রিল '২৬) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ‘ছোট জাহাঙ্গীর বাহিনী’র সদস্যরা বাইনতলা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে কোস্টগার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৫ পিস ইয়াবা এবং নগদ ১,১০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন— বাগেরহাটের শরণখোলা উপজেলার মো. সোহাগ হাওলাদার (৩৫) এবং খুলনার পাইকগাছা উপজেলার বাবুল সানা (৪২)। তারা দীর্ঘদিন ধরে ‘ছোট জাহাঙ্গীর বাহিনী’র সক্রিয় সদস্য হিসেবে ডাকাতির সঙ্গে জড়িত ছিল।
অপরদিকে, আরেকটি গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবনের খোলডাঙ্গা খাল এলাকায় ‘জোনাব বাহিনী’র আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় দস্যুদের কাছে জিম্মি থাকা তিন জেলেকে উদ্ধার করা হয়। তবে অভিযান টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ সময় দস্যুদের আস্তানা থেকে ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি ওয়াকিটকি চার্জার, ৩টি মোবাইল ব্যাটারি এবং ১টি কুড়াল উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, আটক দস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রমও চলমান রয়েছে।
এছাড়া, গত বছরের শুরু থেকে এখন পর্যন্ত কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানে কুখ্যাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন দস্যুকে আটক করা হয়েছে। এসব অভিযানে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গুলি, ৩০৮ রাউন্ড ফাঁকা গুলি এবং ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে। একইসঙ্গে দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।



















