আই নিউজ ডেস্ক:
আমি কোনোদিন কারো অপেক্ষার ভেতর জ্বলে ওঠা একটা আলো হতে পারিনি—
কেউ রাত জেগে আমার অনুপস্থিতিকে গুনে রাখেনি মিনিটে মিনিটে।
আমার জন্য কোনো অস্থিরতা জমেনি কারো বুকের ভেতর,
কোনো ফোনের পর্দা কাঁপেনি বারবার—শুধু আমার নাম ভেসে ওঠার আশায়।
একদিন হঠাৎ হারিয়ে গেলে
কেউ কি সত্যিই টের পেতো—
নাকি পৃথিবী ঠিক আগের মতোই নিজের গতিতে ঘুরে যেতো?
কেউ জিজ্ঞেস করেনি,
“তোমার মন খারাপ কেন?”—
যেন আমার ভেতরের আবহাওয়ার কোনো খবরই
এই শহরের দরকার ছিল না কখনো।
আমি কখনো কারো গল্পের কেন্দ্রে ছিলাম না,
বরং ছিলাম প্রান্তের এক ঝাপসা ছায়া—
যাকে দরকার ফুরোলেই ভুলে যাওয়া যায় সহজেই।
কারো স্টোরিতে, কারো স্মৃতির ভাঁজে,
কারো ওয়ালপেপারে বা অকারণ হাসির ভেতর
আমার কোনো স্থান হয়নি—
আমি ছিলাম, আছি—
কেবল নিজের অদ্ভুত অপূর্ণতার মধ্যে আটকে থাকা এক নীরব উপস্থিতি।
হয়তো এটাই আমার নিয়তি—
অন্যদের জীবনে গল্প না হয়ে,
নিজের ভেতরেই এক অসমাপ্ত উপন্যাস হয়ে থাকা।
Tanvir Chowdhury
২৫ মার্চ ২৬



















