নারীর ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “অদম্য নারী পুরস্কার ২০২৫”-এর বিভাগীয় সম্মাননা স্মারক পেয়েছেন ভোলার মনপুরা উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন জাহান মিনু।
গত ০৩ মার্চ ২০২৬ তারিখে বরিশালে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভাগজুড়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, উপপুলিশ মহাপরিদর্শক, বরিশাল রেঞ্জ
জনাব মোঃ শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ
জনাব মো. মনির হোসেন, অতিরিক্ত পরিচালক (উপসচিব), মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা
জনাব মোঃ খায়রুল আলম সুমন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল
জনাব ফারজানা ইসলাম, পুলিশ সুপার, বরিশাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জনাব মোঃ আহসান হাবিব (যুগ্মসচিব), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), বরিশাল।
আয়োজকরা জানান, সমাজে নারীর অগ্রযাত্রা ও নেতৃত্ব বিকাশে যেসব নারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের অনুপ্রাণিত করতেই এই সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্বদানের স্বীকৃতি হিসেবে ইয়াসমিন জাহান মিনুকে এই সম্মাননা দেওয়া হয়।
মনপুরার প্রত্যন্ত এলাকায় নারীর সচেতনতা বৃদ্ধি, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং জনসেবামূলক কাজে সম্পৃক্ততার জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীরা এখন শুধু পরিবার নয়, প্রশাসন, সমাজ উন্নয়ন ও নেতৃত্বের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। “অদম্য নারী পুরস্কার” এমন নারীদের সম্মান জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে।
সম্মাননা গ্রহণের পর ইয়াসমিন জাহান মিনু উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও নারী উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন
“অদম্য নারী পুরস্কার ২০২৫”-এর বিভাগীয় সম্মাননা স্মারক প্রাপ্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং মনপুরা উপজেলার জন্যও একটি গর্বের বিষয়। স্থানীয় পর্যায় থেকে উঠে এসে বিভাগীয় স্বীকৃতি পাওয়া নারীদের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



















