গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলা নদীবেষ্টিত হওয়ায় এখানকার মানুষের প্রধান যাতায়াত মাধ্যম নৌপথ। বিশেষ করে দূরপাল্লার যাত্রায় এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে লঞ্চ চলাচলের ওপর নির্ভরশীল। জীবিকার তাগিদে জেলে ও শহরমুখী মানুষের সংখ্যা বেশি হওয়ায় নৌপথ তাদের জন্য সবচেয়ে সহজ ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা হিসেবে বিবেচিত।
তবে পদ্মা সেতু চালুর পর সড়কপথে যাতায়াত বাড়ায় গলাচিপা-ঢাকা রুটে লঞ্চের যাত্রী সংখ্যা কমে যায়। ফলে লঞ্চ চলাচলে অনিয়ম দেখা দেয় এবং অনেক সময় নির্ধারিত সময়ে লঞ্চ না চলায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। এতে করে এ অঞ্চলের মানুষ বেশ কিছুদিন ধরে অস্বস্তির মধ্যে ছিল।
এ পরিস্থিতি নিরসনে দীর্ঘদিন পর আবারও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী নুরুল হক নূর-এর পরিকল্পনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গলাচিপা-ঢাকা নৌরুটে নিয়মিত লঞ্চ চলাচল নিশ্চিত করা হয়েছে। এখন থেকে প্রতিদিন দুটি করে লঞ্চ নির্ধারিত সময়ে যাত্রী পরিবহন করবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গলাচিপা থেকে প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে ‘বুগদাদিয়া-১২’ ও ‘শরিয়তপুর-৩’ নামে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইতোমধ্যে বিষয়টি স্থানীয়দের জানাতে মাইকিং করা হয়েছে এবং যাত্রীদের নিয়মিত লঞ্চ ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত লঞ্চ চলাচল শুরু হওয়ায় তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। বিশেষ করে ব্যবসায়ী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে তারা মনে করছেন।
এদিকে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নুরুল হক নূর অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। স্থানীয়দের মতে, রাস্তা-ঘাট উন্নয়ন, নদী-নালা খনন, সেতু নির্মাণ, হাটবাজার ব্যবস্থাপনা, জেলেদের জীবনমান উন্নয়ন, খেয়া পারাপারে জনদুর্ভোগ কমানো, কৃষি ও শিক্ষা খাতে উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে তার ভূমিকা দৃশ্যমান।
নিয়মিত লঞ্চ চলাচলের এই উদ্যোগ গলাচিপা উপজেলার মানুষের যাতায়াত ব্যবস্থায় নতুন গতি এনে দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে করে নৌপথে যাত্রীসেবা আরও সহজ ও স্বাভাবিক হবে এবং এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।



















