রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীতে একটি প্রাইভট হাসপাতালের অপারেশন থিয়েটার, যেখানে একজন প্রসূতি মা আসেন নতুন প্রাণের আগমনের অপেক্ষায়, সেখানেই ঘটলো এক ন্যাক্কারজনক ঘটনা। অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় অসহায় ওই রোগীকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে ডা. আসাদুজ্জামান সুমনের বিরুদ্ধে।
সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। যেখানে দেখা যায়, চিকিৎসার পরিবর্তে মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন ওই নারী। আর এই ঘটনার প্রতিবাদে রাজপথে সোচ্চার হয়েছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ)।
সংগঠনটির সভাপতি মমতাজ আরা বেগম এক বিবৃতিতে জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসে নারীরা যদি এমন কুরুচিপূর্ণ আচরণের শিকার হন, তবে রোগীর নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়। এটি কেবল অসভ্যতা নয়, বরং রোগীর ওপর পরিকল্পিত মানসিক নির্যাতন।
সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, এই ন্যাক্কারজনক ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অবিলম্বে অভিযুক্ত চিকিৎসককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
একজন চিকিৎসকের হাত যখন জীবন বাঁচানোর বদলে অপমানের কারণ হয়ে দাঁড়ায়, তখন সাধারণ মানুষের আস্থা কোথায় গিয়ে ঠেকবে— এখন সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে।



















