close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নীলফামারীর কিশোরগঞ্জে প্রধান শিক্ষকের রাজসিক বিদায় ঘোড়ার গাড়িতে শহর প্রদক্ষিণ..

SLB Shuvo avatar   
SLB Shuvo
নীলফামারীর কিশোরগঞ্জে প্রধান শিক্ষকের রাজসিক বিদায় ঘোড়ার গাড়িতে শহর প্রদক্ষিণ..

নীলফামারীর কিশোরগঞ্জে প্রধান শিক্ষকের রাজসিক বিদায়: ঘোড়ার গাড়িতে শহর প্রদক্ষিণ

দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তিতে অভিনব ও আবেগঘন বিদায় পেলেন ঐতিহ্যবাহী কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আজম। শিক্ষার্থী, সহকর্মী ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে তাঁকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এই অনন্য বিদায় অনুষ্ঠানে অনেকের চোখেই ছিল অশ্রু।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বিদায় পর্ব। সহকর্মী শিক্ষক, বর্তমান-সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে শহরের বিভিন্ন সড়ক ঘুরিয়ে নেওয়া হয়। শিক্ষার্থীরা অশ্রুসজল চোখে তাঁকে বাড়িতে পৌঁছে দিয়ে বিদায় জানান।

বিদ্যালয় চত্বরে বিদায়কালীন পরিবেশ হয়ে ওঠে আবেগময়। স্মৃতিচারণ করতে গিয়ে অনেক শিক্ষক-শিক্ষার্থী কাঁদতে থাকেন। প্রধান শিক্ষক মোঃ গোলাম আজম তাঁর কর্মজীবনের শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৯৬ সালে তিনি কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন এবং ২০০৯ সাল থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ এই যাত্রায় তিনি সুনামের সঙ্গে শিক্ষকতা করে গেছেন।

বিদায়ী বক্তব্যে গোলাম আজম বলেন, “এই বিদ্যালয় আমার পরিবারের মতো। আমি নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছি এই প্রতিষ্ঠানকে। সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি গর্বিত এবং একই সঙ্গে আবেগাপ্লুত।”

অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সুকুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, শিক্ষক কামরুল হোসেন কাজল, আজিজুল ইসলাম, সাবেক শিক্ষার্থী আজহারুল ইসলামসহ অন্যান্যরা।

এই অভিনব বিদায় অনুষ্ঠান শুধু একজন শিক্ষকের অবসর নয়, বরং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার গভীর সম্পর্ক ও শ্রদ্ধার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

No comments found


News Card Generator