মুকসুদপুরে ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ, বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মোঃ  মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

মুকসুদপুরে ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ, বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি

মোঃ  মামুন মোল্লা মুকসুদপুর প্রতিনিধি 
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
শনিবার (১৬ মে) সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল প্রান্তিক মৎস্যজীবীদের জন্য বিকল্প আয়ের উৎস সৃষ্টি করা এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সেলিমুজ্জামান সেলিম এমপি। তিনি বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। যারা নদী, খাল-বিল ও জলাশয়ের ওপর নির্ভরশীল, তাদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে দেওয়া ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন কর্মসূচি এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির সুফল ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে পৌঁছাতে শুরু করেছে। জনগণ বিএনপি সরকারের উন্নয়ন কার্যক্রমের ওপর আস্থা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক আহসান হাসিব খান। তিনি বলেন, প্রান্তিক মৎস্যজীবীদের জন্য এই ধরনের বিকল্প কর্মসংস্থানমূলক প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি তাদের স্বাবলম্বী হওয়ার পথকে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম। তিনি প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, স্থানীয় মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক মোঃ কায়েম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া। এছাড়া বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বনির্ভরতার পথকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এমপি মোঃ সেলিমুজ্জামান সেলিম উপজেলার ৬০ জন মৎস্যজীবীর হাতে বকনা বাছুর তুলে দেন। এ সময় উপকারভোগীদের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার আবহ সৃষ্টি হয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই গবাদিপশু পালন করে মৎস্যজীবীরা অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন।

Nenhum comentário encontrado


News Card Generator