মাদক সেবনের দায়ে ৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে মোট ছয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযান উপজেলার সুজালপুর, পলাশবাড়ী ও শতগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় চালানো হয়। অভিযান চলাকালীন মাদক সেবনরত অবস্থায় ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। ঘটনার পরপরই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় আটককৃতদের অপরাধের গুরুত্ব বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্তদের মধ্যে শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া গ্রামের রাজু ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বাকি পাঁচজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেকের ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। তারা হলেন পলাশবাড়ী ইউনিয়নের আল আমিন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার জাহাঙ্গীর আলম ও মাতুল শানু, এবং বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের সাদ্দাম ও জাবেদ আলী। দণ্ড প্রদানের পর রাতেই তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, মাদক বর্তমানে সমাজ ও পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই জনস্বার্থে এবং তরুণ সমাজকে বাঁচাতে মাদকবিরোধী এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি আরও উল্লেখ করেন যে, বীরগঞ্জ উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত না করা পর্যন্ত পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর নজরদারি বজায় থাকবে। প্রশাসনের এমন ত্বরিত ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

No comments found


News Card Generator