মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুরে আদালতের নির্দেশে একটি শিশুকে মায়ের হেফাজতে দেওয়ার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।" আহত অন্যরা হলেন— কনস্টেবল শরীফ আহমেদ, শাহেদ আহমেদ ও সুজন কান্তি। তারা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।" স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর গ্রামের আকিল মিয়া ও তাঁর সাবেক স্ত্রী নাজমা আক্তার দীপ্তির মধ্যে বিবাহবিচ্ছেদের পর তাদের শিশুসন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দীপ্তি আদালতে মামলা করেন, এবং আদালত সন্তানের হেফাজত মায়ের কাছে দেওয়ার নির্দেশ দেন।" বুধবার দুপুরে আদালতের ওই নির্দেশনা বাস্তবায়নে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল আকিল মিয়ার বাড়িতে যায়। এ সময় আকিল মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন।" সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিকা পাল বলেন, “আহতদের মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে, তবে সবাই বর্তমানে আশঙ্কামুক্ত।” ভুক্তভোগী এসআই মিজানুর রহমান বলেন, “আদালতের নির্দেশ বাস্তবায়নে গিয়ে আমাদের ওপর আকিল মিয়ার পরিবারের সদস্যরা হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।” তবে আকিল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা পুলিশের ওপর কোনো হামলা করিনি। আমার শিশুসন্তানকে নিয়ে টানাটানির সময় সামান্য ধস্তাধস্তি হয়েছে মাত্র।” মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, “সরকারি দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইতোমধ্যে শ্যামল মিয়া ও মজিবুর রহমান নামে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”