close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

লালমনিরহাটের উন্নয়নে ৫ মন্ত্রণালয়ে ত্রাণমন্ত্রীর ডিও লেটার..

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম

লালমনিরহাট জেলাকে অবহেলার গণ্ডি থেকে বের করে একটি আধুনিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী জেলায় রূপান্তরের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। জেলার যোগাযোগ, কৃষি, মৎস্য ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সংশ্লিষ্ট পাঁচটি মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে তিনি বিশেষ আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন।
দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এশিয়ার অন্যতম বৃহৎ লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর দাবি বহুদিনের। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার কাছে পাঠানো চিঠিতে ত্রাণমন্ত্রী উল্লেখ করেন, বিমানবন্দর চালু হলে নেপাল, ভুটান ও ভারতের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হবে এবং লালমনিরহাট আঞ্চলিক হাবে পরিণত হতে পারে।
এছাড়া প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ লালমনিরহাট-বুড়িমারী সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব জানানো হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমর কাছে। বর্তমানে ঝুঁকিপূর্ণ এ সড়কটি ফোর লেনে রূপান্তরিত হলে বুড়িমারী স্থলবন্দরকে কেন্দ্র করে ভারত ও ভুটানের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
কৃষি খাতে আধুনিকায়নের লক্ষ্যে জেলায় একটি টিস্যু কালচার ল্যাব ও হর্টিকালচার সেন্টার স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে। এ বিষয়ে কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদর কাছে চিঠি পাঠানো হয়েছে। এর মাধ্যমে কলা, আনারস ও ড্রাগন ফল চাষিরা উন্নত জাত ও প্রযুক্তির সুবিধা পাবেন বলে মত দিয়েছেন মন্ত্রী।
তিস্তা ও ধরলা নদীবেষ্টিত চরাঞ্চলের সম্ভাবনা কাজে লাগাতে একটি মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্থাপনের অনুরোধ জানানো হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে। এতে স্থানীয়ভাবে মৎস্য উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, তরুণদের দক্ষতা উন্নয়ন ও বেকারত্ব নিরসনে লালমনিরহাটে একটি হাই-টেক বা আইটি পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে। ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু লালমনিরহাট নয়, সমগ্র উত্তরাঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা, দ্রুত পদক্ষেপ নিলে জেলার অবকাঠামো ও কর্মসংস্থানের চিত্র আমূল বদলে যাবে।

No comments found


News Card Generator